নির্বাচনকালীন সরকার নিয়ে সুজনের দুই প্রস্তাব
সুশাসনের জন্য নাগরিক (সুজন) অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে। প্রথম প্রস্তাবে ১১ জন এবং দ্বিতীয় প্রস্তাবে ১৫ জনকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রস্তাব করেছে সংগঠনটি। তবে তাঁদের নির্বাচনের জন্য প্রধান বিচারপতিদের নিয়ে একটি অনুসন্ধান কমিটি করার কথা বলা হয়েছে প্রস্তাবে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ প্রস্তাব দেওয়া হয়।
‘বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে সুজনের আহ্বান’ শীর্ষক লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি নির্বাচনকালীন সরকারের এ প্রস্তাব তুলে ধরে বলেন, ‘মহাজোটের পাঁচজন, ১৮-দলীয় জোটের পাঁচজন সাংসদ ও একজন দলনিরপেক্ষ ব্যক্তিকে (যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন) নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। এ লক্ষ্যে আমাদের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতিদের নিয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে। কমিটি শর্ত সাপেক্ষে এই ১১ জন ব্যক্তিকে চিহ্নিত করবে। শর্তটি হবে, তারা নির্বাচনে অংশগ্রহণ বা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।’
দ্বিতীয় প্রস্তাবে বলা হয়, মহাজোটের পাঁচজন, ১৮-দলীয় জোটের পাঁচজন সাংসদ এবং দলনিরপেক্ষ পাঁচজন ব্যক্তির (তাঁদের একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন) সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। এ ক্ষেত্রেও সাবেক প্রধান বিচারপতিদের নিয়ে গঠিত অনুসন্ধান কমিটিকে এই ১৫ জনকে চিহ্নিত করার দায়িত্ব দেওয়া যেতে পারে। অন্তর্বর্তী সরকারের কোনো সদস্যই নির্বাচনে অংশগ্রহণ বা নির্বাচনী প্রচারণায় লিপ্ত হতে পারবে না। এ বিকল্পের ক্ষেত্রে নির্দলীয় ব্যক্তিদের উপনির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে আনতে হবে।
বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা মনে করি, স্থায়ী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে দুই প্রধান দলের বাইরেও বৃহত্তর পরিসরে সংলাপ হতে হবে। অন্যান্য রাজনৈতিক দল, ব্যবসায়িক সম্প্রদায়, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এ সংলাপে অংশ নিতে পারেন। সংলাপের মাধ্যমে তিনটি ক্ষেত্রে জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে হবে এবং একটি জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। প্রথম ক্ষেত্র সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনকালীন সরকারব্যবস্থা উদ্ভাবন। দ্বিতীয় ক্ষেত্রটি হবে নির্বাচনকালীন সময়ের জন্য একটি আচরণবিধি প্রণয়ন আর তৃতীয় ক্ষেত্রটি হবে নির্বাচন-পরবর্তী নির্বাচনকালীন সরকারের করণীয়-সম্পর্কিত।
সুজনের নির্বাহী সদস্য লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, পরিস্থিতি এমন হয়েছে যে এখানে ‘সংবাদ সম্মেলন’ না লিখে ‘অরণ্যে রোদন’ লেখা যেত। নির্বাচন নিয়ে সংলাপ দরকার। তার চেয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে সংলাপ আয়োজন আরও বেশি দরকার। তিনি গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সমালোচনা করে বলেন, এ আরপিও অনুযায়ী চাইলে খালেদা জিয়া বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে গোপালগঞ্জ থেকে নির্বাচন করতে পারবেন।
সুজনের আরেকজন নির্বাহী সদস্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের দুই নেত্রী ভালো খেলোয়াড়। তবে বেশি খেলতে গেলে মার খাওয়ার আশঙ্কা আছে। তখন আপনাদের মরিয়া প্রমাণ করিতে হইবে আগে মরেন নাই।’
সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান, সহসভাপতি এস এম শাহজাহান, নির্বাহী সদস্য বিচারপতি কাজী এবাদুল হক ও তোফায়েল আহমেদ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এম হাফিজউদ্দিন খান বিদ্যমান সংকট সমাধানে সব পক্ষ উদ্যোগী হবে বলে আশা প্রকাশ করেন।