আওয়ামী লীগের নেতারা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাজপথে আন্দোলন করে কোনো লাভ হবে না। আর নির্বাচনকালীন সরকার পদ্ধতি কী হবে, তা নিয়ে সরকারের শেষ তিন-চার মাসে কথা বললেই চলবে। এত আগে আলোচনার দরকার নেই।গতকাল শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তাঁরা এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের অবস্থা দেখে মনে হয়, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর চলতে পারে না। দুই বছর পর জনগণ যে রায় দেবে, তা আমরা মাথা পেতে নেব।’ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখন আলোচনা করে কোনো লাভ নেই। সরকারের নির্দিষ্ট মেয়াদের তিন-চার মাস আগেই নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে। বিএনপির নেতা এম কে আনোয়ারের তীব্র সমালোচনা করে জনাব হানিফ বলেন, ‘তিনি সুস্থ আছেন কি না, সন্দেহ আছে। এভাবে বেফাঁস কথা বলে কেবল জনগণের ধিক্কারই পাওয়া যাবে।’ তিনি বলেন, পিলখানার ঘটনার দিনে বিরোধীদলীয় নেত্রী একটি বিদেশি দূতাবাসে গিয়ে আত্মগোপন করেন। তিনি কেন আত্মগোপন করেছিলেন, সেই প্রশ্নের জবাব পেলে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বের হয়ে যাবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, সরকারের পতন ঘটনানোর জন্যই সেদিন পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সুজিত রায় নন্দী প্রমুখ।এদিকে গতকাল সকালে বনানী সামরিক গোরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।