নির্বাচনকালীন হামলায় ৫৫৩ শিক্ষাপ্রতিষ্ঠান আক্রান্ত: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়েছিল, তার মধ্যে ক্ষতিগ্রস্ত হয় ৫৫৩টি। ক্ষতির পরিমাণ সাত কোটি ৮০ লাখ টাকা।

আজ রোববার সংসদে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জামায়াত-শিবির ও বিএনপির মানবতাবিরোধী জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ড, মানুষ হত্যা, পেট্রলবোমায় মানুষ মারার হরতাল-অবরোধ কর্মসূচি জেএসসি, জেডিসি এবং পঞ্চম শ্রেণী ও এবতেদায়ি সমাপনী পরীক্ষাকে বাধাগ্রস্ত করেছিল। তা সত্ত্বেও সময়মতো ফল প্রকাশ ও বই বিতরণ করা হয়েছিল। দশম সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভোটকেন্দ্রের জন্য তালিকাভুক্ত ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি ২৫ লাখ টাকা।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ১২৫টি বিদ্যালয়ের মধ্যে ৮৭টি মাধ্যমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে পাঁচটি বিদ্যালয় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী ক্ষতির পরিমাণ এক কোটি ৮০ লাখ টাকা। ১২টি কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা। এ ছাড়া ২৬টি মাদ্রাসা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ২২লাখ টাকা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকেরা আন্তরিকতা ও সততার সঙ্গে পাঠদান করলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় কমিয়ে দুই থেকে তিনদিনের মধ্যে করা সম্ভব। বর্তমানে দীর্ঘসময়ে যে পরীক্ষা নেওয়া হয়, তাতে চলবে না। ভবিষ্যতে পরীক্ষার সময়কাল কমিয়ে আনার চিন্তাভাবনা সরকারের রয়েছে।

কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদির প্রশ্ন ছিল, তাঁর নির্বাচনী এলাকায় স্থায়ীভাবে কোনো পরীক্ষাকেন্দ্র নির্মাণ করা হবে কি না? কারণ পিএসসি, জেএসসি, এসএসসি পরীক্ষা চলার কারণে ছয় মাস পর্যন্ত স্কুল বন্ধ থাকে।

উত্তরে নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্থায়ীভাবে পরীক্ষাকেন্দ্র স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের নেই। এটি ব্যয়সাপেক্ষ। ৩১০টি উপজেলায় সরকারি স্কুলই নেই। তবে পরীক্ষার সময় কমিয়ে আনার বিষয়টি সরকারের বিবেচনায় আছে।