নির্বাচনকালে প্রশাসন ইসির কথা শোনে না: জাপা মহাসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথি জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক (বাঁ থেকে দ্বিতীয়) ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরীর কাছ থেকে বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকেরা ট্রফি গ্রহণ করছেন
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের নতুন আইন নির্বাচনব্যবস্থার গ্রহণযোগ্যতা বাড়াতে তেমন কোনো ভূমিকা রাখবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক। তিনি বলেন, নির্বাচন কমিশন দিয়ে ভালো নির্বাচন করা সম্ভব নয়। কারণ, আইন অনুযায়ী নির্বাচনকালীন নির্বাহী বিভাগ ও পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশ পালন করার কথা থাকলেও তারা নির্বাচন কমিশনের কথা শোনে না, শোনে সরকারের কথা।

আজ শনিবার রাজধানীর এফডিসিতে নির্বাচনব্যবস্থার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে নির্বাচন কমিশন আইন নিয়ে এক ছায়া সংসদ অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মুজিবুল হক বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচনকালে নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনের আদেশ শুনতে বাধ্য। কিন্তু আদেশ না শুনলে কী হবে, সে বিষয়ে সঠিক নির্দেশনা নেই। তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগ-বিএনপির পরস্পরবিরোধী যে অবস্থান, তাতে জাতীয় পার্টি তো নয়ই, জাতিসংঘের মহাসচিব এমনকি আমেরিকার প্রেসিডেন্ট দ্বারাও তা নিরসন সম্ভব নয়। এ কারণে নির্বাচনকালীন সরকার গঠন করতে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ–আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ফর্মুলা বের করার পরামর্শ দেন তিনি।

জাপা মহাসচিব বলেন, বিনা ভোটে নির্বাচিত হওয়া গণতান্ত্রিক সংস্কৃতি ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিপন্থী। এরশাদকে স্বৈরাচার বলা হলেও পরবর্তী বিএনপি-আওয়ামী লীগ সরকার এরশাদের চেয়ে আরও বেশি স্বৈরাচার হয়েছে।

মুজিবুল হক আরও বলেন, চলমান স্থানীয় সরকার নির্বাচনে অনেক জায়গায় জাতীয় পার্টির প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য সরকারি দল ও প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে। ফলে অনেক স্থানে জাতীয় পার্টির নেতা–কর্মীদের প্রার্থী হওয়া ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল না।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে অনুষ্ঠান থেকে চারটি সুপারিশ দেওয়া হয়। সুপারিশগুলো হলো অনুসন্ধান কমিটির প্রস্তাব করা নাম জনমত যাচাইয়ে জন্য প্রকাশ করা, দলীয় রাজনীতিতে যুক্ত বা দল সমর্থিত পেশাজীবী গ্রুপের সদস্য ছিলেন বা আছেন, এমন কারও নাম নির্বাচন কমিশনে নিয়োগের জন্য সুপারিশ না করা, সরকারি, বিরোধী ও তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি কর্তৃক দুজন বিশিষ্ট ব্যক্তিকে মনোনয়ন দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনায় নিয়ে সব দলের জন্য একটি গ্রহণযোগ্য ফর্মুলা বের করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার বিতার্কিকদের হারিয়ে জয়ী হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকরা।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের সদস্যদের ট্রফি ও সনদ দেওয়া হয়। বিতর্ক অনুষ্ঠানে বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, এস এম মোর্শেদ, সাংবাদিক কাজী জাবেল ও সাংবাদিক রোকসানা আমিন।