সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনকে অগ্রহণযোগ্য প্রমাণ করতেই বিএনপি ভোট বর্জন করেছে। তারা আন্দোলনের ট্রেন মিস করেছে, নির্বাচনের ট্রেন থেকেও মাঝপথে নেমে গেছে। এখন তাদের স্টেশনে দাঁড়িয়ে থেকে নতুন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে।
গতকাল মানিকগঞ্জের মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের জেলার নির্বাহী প্রকৌশলী মহিবুল হক এবং সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান খান উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সিটি নির্বাচন নিয়ে জাতিসংঘসহ বিশ্বের কয়েকটি দেশ যেভাবে উদ্বেগ প্রকাশ করেছে, বিশ্বের কোনো দেশের ক্ষেত্রে তা ঘটে না। আমাদের দেশ নিয়ে তারা মাতামাতি করছে।’ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের গলাকাটা এবং ৩ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ঋষিপাড়া সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়া ৭ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে কিটিংচর ও ১২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নয়াকান্দি সেতুর কাজ পরিদর্শন করেন। এর আগে ৩ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে আজিমপুর ও ৩ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে গ্যাড়াদিয়া সেতু উদ্বোধন করেন।