নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা, চেয়ারম্যানসহ আহত ১১
পটুয়াখালীতে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পৃথক হামলার ঘটনায় সদর উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধাসহ ১১ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর লাঞ্ছিত হন। আহত ব্যক্তিদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সুলতান আহদেম মৃধা ও মো. হানিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী শহর আওয়ামী লীগের সহসভাপতি মো. তারিকুজ্জামান মনি গত বুধবার বিকেলে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে অপর মেয়র প্রার্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সমর্থকেরা উৎফুল্ল হয়ে ওঠে এবং তারিকুজ্জামান মনির সমর্থকেরা ব্যথিত হয়। এর জেরে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ২ নম্বর বাঁধঘাট এলাকায় মনির সমর্থকদের ওপর চিকিৎসক শফিকের সমর্থকেরা হামলা চালায়। এতে মনিরসহ আটজন সমর্থক আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে মো. হানিফকে (৪২) ঢাকায় পাঠানো হয়েছে এবং আহত রনি (২৭), হানিফের মা সাহেরা বেগম (৬৫) ও ভাই মেহেদী হাসানকে (৩৬) পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মেহেদী হাসান অভিযোগ করেন, মনিকে সমর্থন করায় শফিকের সমর্থকেরা প্রথমে তাঁর ভাই হানিফের ওপর হামলা চালায়। এ সময় ভাইকে বাঁচাতে গেলে তাঁদেরও বেদম প্রহার করা হয়। এ ঘটনার পর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর পরিস্থিতি শান্ত করার জন্য ঘটনাস্থলে গেলে শফিকের সমর্থকেরা তাঁকেও লাঞ্ছিত করে। মেয়র প্রার্থী শফিক বলেন, ‘নির্বাচনে পক্ষ-বিপক্ষ থাকবেই। সবাই যে আমাকে সমর্থন করবে, এমন কথা নয়। আমার জনপ্রিয়তা ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে আমার নাম জড়িয়ে বিভিন্ন অভিযোগ করা হচ্ছে।’ তিনি মনির সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, বেলা ১১টার দিকে শহরের শিশুপার্ক এলাকায় মাহাবুব জামান (৪৫) ও মাহামুদ (৪২) নামে তাঁর দুজন সমর্থককে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আহত করে। এর মধ্যে মাহাবুব জামানকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শফিকের চাচাতো ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা অভিযোগ করেন, তাঁর এলাকায় লোকজন নির্বাচনী সহিংসতায় আহত হয়েছে খবর পেয়ে বেলা পৌনে দুইটায় আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান। এ সময় মনি ও তাঁর সমর্থকেরা তাঁর ওপর হামলা চালায়। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা তারিকুজ্জান মনি বলেন, ‘আমাকে সমর্থন করায় শফিক ও তাঁর ভাইদের নেতৃত্বে আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়। দুপুরে সদর হাসপাতালে কী ঘটনা ঘটেছে, তা আমি জানি না। তবে সদর উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা আমাকে জড়িত করে যেসব অভিযোগ করছেন সেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’পুলিশ সুপার (এসপি) মো. আজাদ মিয়া বলেন, ‘দুই পক্ষের নেতাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। নেতারা আশ্বস্ত করেছেন, এ ধরনের ঘটনা আর ঘটবে না। আইন যে ভঙ্গ করবে পুলিশ নিরপেক্ষভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’