নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল রোববার রাত সাড়ে ১০টা পর্যন্ত হামলা, ভাঙচুর ও সংঘর্ষের চারটি ঘটনা ঘটেছে।
সিপিবি ও বাসদ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফীর নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে কল্যাণপুরে বেলতলী বস্তিতে প্রচার চালানোর সময় যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কালামের নেতৃত্বে ঘড়ি মার্কার ব্যাজ পরা কয়েকজন যুবক হামলা চালান।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ক্বাফীর পক্ষে জনগণের সমর্থনে ভীত হয়ে সরকারি দল এ হামলা চালিয়েছে।
জানতে চাইলে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ হামলার ব্যাপারে কোনো তথ্য বা অভিযোগ পাননি।
গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী মার্কেটের সামনে ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আফছারউদ্দিন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দুই প্রার্থীর সমর্থকেরা মিছিল নিয়ে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের সমর্থকেরা লাঠি-রড নিয়ে পরস্পরকে ধাওয়া দেন ও ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মারামারি হয়নি। মৃদু উত্তেজনা হয়েছিল, পুলিশ সেটি প্রশমন করেছে।
উত্তরার একই ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান অভিযোগ করেছেন, গতকাল বেলা সাড়ে তিনটার ৯ নম্বর সেক্টরে প্রচারণা চালানোর সময় তাঁদের ওপর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আফছারউদ্দিনের লোকেরা হামলা করেছেন।
ঘটনাস্থলে যাওয়া উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর সেলিম দাবি করেন, নিজেদের মধ্যে মারামারি হলেও পরে তা ঠিক হয়ে গেছে।
গতকাল রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত প্রার্থী আরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণার গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। যুবলীগের লোকজন এ হামলা করেছেন বলে আরিফুলের সমর্থকেরা অভিযোগ করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।