নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই: আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার কোনো সুযোগ নেই বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির মতে, ৬ হাজারের বেশি কেন্দ্রের মধ্যে ২২টিতে সামান্য কিছুটা ত্রুটি-বিচ্যুতি হয়েছে। তাই নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হওয়ার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমাদের দেশে সাধারণত দেখা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশেষ করে মেম্বার নির্বাচনে সামাজিক দ্বন্দ্বের অনেকটা বহিঃপ্রকাশ ঘটে। যেটা আমরা অতীতে বহু নির্বাচনে দেখেছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই সামাজিক-গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে সংঘাত ও সহিংসতা হয়। আজকে যে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, এর মধ্যে জামালপুরে যাঁর কথা বলা হচ্ছে, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, নির্বাচনী সহিংসতায় নয়।’ তিনি বলেন, আর দুটি জায়গায় যাঁরা মারা গেছেন, এটা দুঃখজনক। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদক্ষেপ নিতে এবং কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন তৎপর হয়ে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।
নির্বাচন নিয়ে বিএনপির করা অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি এখন কোনো কারণ ছাড়াই নালিশ করছে। তারা একটি নালিশি দলে পরিণত হয়েছে। আসলে অভিযোগ ছাড়া তাদের আর কিছুই করার নেই।