নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপির বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি-সমর্থিত প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এ কথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলম নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পরপরই নগরের একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে নাগরিক কমিটি।
হাছান মাহমুদ বলেন, শুরু থেকেই বিএনপির চেষ্টা ছিল এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সে লক্ষ্যে বিভিন্ন অভিযোগ এনে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। তিনি বলেন, অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্যে নির্বাচন হচ্ছে।
হাছান মাহমুদ বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ঢাকায় আচরণবিধি লঙ্ঘন করে খালেদা জিয়া প্রচারণায় নামেন। ঢাকা শহরে তিনি আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছেন। কয়েক হাজার মানুষকে পেট্রলবোমায় পুড়িয়ে তাঁরা ক্ষান্ত হননি। তাঁরা মূলত মাঠে নেমেছেন গণতন্ত্রকে হত্যা করতে। তিনি বলেন, বিএনপি-সমর্থিত তিনজন মেয়র পদপ্রার্থী বানোয়াট অভিযোগ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। সকালে বিভিন্ন ভোটকেন্দ্রে বিপুল মানুষের উপস্থিতি দেখে তাঁরা পরাজয় নিশ্চিত জেনে ভোট বর্জন করেছেন।
হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন নিয়ে যদি মনজুর সাহেবের অভিযোগ থাকত, তাহলে তিনি শুধু নির্বাচন বর্জন করতেন। কিন্তু তিনি রাজনীতি থেকেও অবসর নিলেন। এতে বোঝা যায় যে তাঁর অভিযোগ বিএনপির দিকেই অঙ্গুলি নির্দেশ করছে। কারণ বিএনপির নেতা-কর্মীরা মনজুর আলমের পক্ষে নির্বাচনী মাঠে ছিলেন না। মনজুর সাহেব নেতা-কর্মীর অভাবে বিভিন্ন ভোটকেন্দ্রে এজেন্টও দিতে পারেননি।’
সংবাদ সম্মেলনে ভোটকেন্দ্র দখলের বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, এসব বানোয়াট অভিযোগ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির চেয়ারম্যান ইসহাক মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান।