নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র চর্চা হয়, বিশ্বে এমন দেশের সংখ্যা বাড়ছে। কিন্তু নির্বাচনের গ্রহণযোগ্যতা আছে, এমন দেশের সংখ্যা কমে যাচ্ছে। বিশ্বব্যাংকের ২০১৭ সালের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বা বিশ্ব উন্নয়ন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এবারের প্রতিবেদনের বিষয়বস্তু সুশাসন ও আইন।
গত তিন দশকে বিভিন্ন দেশের গণতান্ত্রিক চর্চার প্রক্রিয়া বিশ্লেষণ করে বিশ্বব্যাংক বলেছে, ১৯৮৫ সালে ৪০টির বেশি দেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা হয়েছিল। ২০১৫ সালে এসে এমন দেশের সংখ্যা দাঁড়িয়েছে ৯০টির বেশি। অন্যদিকে ওই সময়ে (১৯৮৫ সালে) ৯০ শতাংশের বেশি নির্বাচনই সুষ্ঠু ও অবাধ হতো। এখন তা ৬০ শতাংশের নিচে নেমে এসেছে।
গত সোমবার এ প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক আরও বলছে, নিজেদের স্বার্থে সাধারণ নাগরিকেরা এককভাবে নীতিনির্ধারণে ভূমিকা রাখতে পারে না। নির্বাচনই সাধারণ নাগরিকদের দর-কষাকষির উপায় হিসেবে দেখিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক আরও বলছে, নাগরিকদের দাবি সম্পর্কে নীতিনির্ধারকদের জবাবদিহি ব্যবস্থাকে শক্তিশালী করার অন্যতম উপায় হলো নির্বাচন। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো নাগরিকদের চাহিদাগুলোকে তাদের নীতির সঙ্গে সমন্বয় করতে পারে। তারপরও বিশেষ গোষ্ঠীর স্বার্থের কারণে সাধারণ ও পিছিয়ে পড়া নাগরিকদের চাহিদাগুলো সম্পর্কে রাজনৈতিক নেতাদের অনাগ্রহ থাকে। এর ফলে সাধারণ নাগরিকদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্কে দূরত্ব তৈরি হয়, যা বিশ্বব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাধারণ মানুষের আস্থার সম্পর্কে চিড় ধরায়।
বনেদিরাই ক্ষমতার বিভিন্ন পর্যায়ে থাকে—বিশ্বব্যাংকের প্রতিবেদনে এমন কথাই বলা হয়েছে। বিশ্বের ছয়টি অঞ্চলের ১২টি দেশের গত ১০০ বছরের রাজনৈতিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছে বিশ্বব্যাংক। দেশগুলো হলো বলিভিয়া, ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, কোরিয়া, রাশিয়া, রুয়ান্ডা, স্পেন, শ্রীলঙ্কা, তিউনিসিয়া ও তুরস্ক। এসব দেশে বনেদি শ্রেণিই নীতিনির্ধারণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বনেদি শ্রেণির অন্যতম হলো সরকারপ্রধান, আইনপ্রণেতা, বিচার বিভাগীয় ব্যবস্থা, রাজনৈতিক দল, স্থানীয় সরকার, আমলা, গণমাধ্যম, অর্থনীতিবিদ, শ্রমিক, সুশীল সমাজ।
প্রতিবেদনে আরও দেখানো হয়েছে, সব কটি দেশের সরকারপ্রধানই নীতিনির্ধারণের সঙ্গে সম্পৃক্ত থাকেন। রাশিয়া, রুয়ান্ডা ও তুরস্কে নীতিনির্ধারণে সরকারপ্রধানের একক আধিপত্য থাকে। বাকি সব দেশেই সরকারপ্রধানের পাশাপাশি আইনপ্রণেতার অংশগ্রহণ আছে। ব্রাজিলেই শুধু নীতিনির্ধারণে গণমাধ্যমের অংশগ্রহণ আছে। আর একমাত্র বলিভিয়ায় সুশীল সমাজ ও স্থানীয় সরকার নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা পালন করে থাকে।
বিশ্বব্যাংকের প্রতিবেদন সম্পর্কে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিবেদনের তথ্য মোটামুটি ঠিকই আছে। বিশ্বে এখন গণতন্ত্রের অভিন্ন মডেল নেই। একেক অঞ্চল ও একেক দেশে আর্থসামাজিক ও রাজনৈতিক কারণে নানা অবস্থা বিরাজ করছে।
প্রতিবেদনে উল্লেখ করা ভারত সম্পর্কে এম সাখাওয়াত হোসেন বলেন, সেখানে রাজনীতিতে বনেদি শ্রেণির পাশাপাশি সাধারণ মানুষ প্রবেশ করছে। আবার শ্রীলঙ্কায় বনেদি শ্রেণির হাতে রাজনীতি রয়ে গেছে। রাশিয়ায় গণতন্ত্র চর্চার কথা বলা হলেও সেটি আন্তর্জাতিক মানের নয়। আফ্রিকার গণতন্ত্রের ধরন আবার ভিন্ন। এভাবে একেক দেশে একেক অবস্থা বিরাজ করছে। বিশেষ করে আইনের মারপ্যাঁচে ও গায়ের জোরে নির্বাচন প্রক্রিয়া কুক্ষিগত করার নানা চেষ্টা ও নির্বাচনী কারচুপি অনেক দেশেই লক্ষণীয়।
সুশাসন প্রতিষ্ঠার সুপারিশ
নিরাপত্তা, প্রবৃদ্ধি ও সমতার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সুশাসন প্রতিষ্ঠার জন্য উন্নয়নশীল দেশ ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্বিবেচনার সুপারিশ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে দেখানো হয়েছে, বৈষম্যমূলকভাবে গড়ে ওঠা ক্ষমতা কাঠামো কীভাবে নীতিনির্ধারণে ভূমিকা রাখে। প্রতিবেদনে বলা হয়েছে, কেন দুর্নীতি দমন আইন ও বাস্তবায়নকারী সংস্থা থাকার পরও দুর্নীতির লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে? বিকেন্দ্রীকরণ ব্যবস্থা সব সময় পৌরসেবা কেন নিশ্চিত করতে পারছে না? ক্ষমতা কাঠামোই এর কারণ। বিশ্বব্যাংক বলছে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের মাধ্যমে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা উচিত। এতে সুশাসনের বিষয়টি নিশ্চিত হবে।
প্রতিবেদনটি সম্পর্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেছেন, রাষ্ট্রীয় সেবা, অবকাঠামো ও দক্ষ প্রতিষ্ঠান তৈরি করতে সরকারকে সম্পদের সুষম ব্যবহারের পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে বেসরকারি খাত বিশেষ করে সুশীল সমাজকে নিবিড়ভাবে সম্পৃক্ত করার তাগিদ দেন তিনি। তাঁর মতে, সুশাসন ছাড়া দারিদ্র্য দূরীকরণ ও সমৃদ্ধি ধরাছোঁয়ার বাইরেই থাকবে।