নির্বাচনকেন্দ্রিক সহিংসতার জন্য সরকার ও বিরোধী দল উভয়ে দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পাঁচ জানুয়ারির নির্বাচন ব্যাপক সহিংসতায় ক্ষতবিক্ষত হওয়ার জন্য বাংলাদেশের সরকার ও বিরোধী রাজনৈতিক দল উভয়েই দায়ী। গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ অভিমত দিয়েছে।

এ প্রতিবেদনে ক্রমবর্ধমান ‘ক্রসফায়ারের’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) ভেঙে ‘পুরোপুরি জবাবদিহিমূলক একটি বেসামরিক আইন প্রয়োগকারী’ সংস্থা গঠনের সুপারিশ করা হয়েছে।       

৬৪ পৃষ্ঠার প্রতিবেদনটির শিরোনাম, ‘গণতন্ত্র ক্রসফায়ারে: বাংলাদেশে ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে বিরোধীপক্ষের হিংসাত্মক কর্মকাণ্ড এবং সরকারের নির্যাতন’।

প্রভাবশালী সংগঠনটি বলেছে, বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বিতর্কিত ওই নির্বাচনকে ঘিরে হতাহত হয় শত শত মানুষ। এইচআরডব্লিউয়ের এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডমসের কথায়, ‘নির্বাচনগুলো (সংসদ ও উপজেলা) ছিল স্বাধীনতার পর এ পর্যন্ত সবচেয়ে রক্তাক্ত নির্বাচন। সংঘটিত সহিংসতার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বাংলাদেশের পরিস্থিতি সম্ভবত আরও খারাপের দিকে যাবে।’

সংসদ নির্বাচন বর্জনকারী বিরোধী দলের সহিংস প্রতিবাদের বিস্তারিত তুলে ধরা হয়েছে এইচআরডব্লিউয়ের দীর্ঘ এ প্রতিবেদনে। এতে উল্লেখ করা হয়, বহু ঘটনায় বিরোধী দলের কর্মী-সমর্থকেরা ট্রাক, বাস ও অটোরিকশায় পেট্রল বোমা মেরেছেন। আর সহিংসতার জবাবে সরকার চালিয়েছে নিষ্ঠুর দমনাভিযান।

‘ক্রসফায়ারে’ হত্যা:

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যে ‘লাগামহীন দায়মুক্তি পেয়ে থাকে’ তার অবসান ঘটাতে সরকারের প্রতি আবার অনুরোধ জানিয়েছে এইচআরডব্লিউ। সংগঠনটি বলেছে, নির্বাচনের পর আইনশৃঙ্খলা বাহিনী সহিংস হামলায় জড়িত থাকার সন্দেহে নির্বিচারে গ্রেপ্তার করেছে বিরোধী দলীয় নেতাদের। এইচআরডব্লিউয়ের গবেষকেরা এ সময়ের মধ্যে ১৯ জন বিরোধী দলীয় নেতা-কর্মীকে হত্যা বা ‘বেআইনিভাবে’ গ্রেপ্তারের ঘটনা লিপিবদ্ধ করেন। এদের নয়জনের ক্ষেত্রে কর্তৃপক্ষের দাবি, তাঁরা  ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন। তবে কথিত এ ক্রসফায়ারের কয়েকটি ঘটনায় প্রত্যক্ষদর্শীরা এইচআরডব্লিউকে জানান, নিহত ব্যক্তিকে ক্রসফায়ারের মাত্র কয়েক ঘণ্টা বা কয়েক দিন আগে আটক করা হয়। এই বক্তব্য সরকারি দাবির বিপরীত।

বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার রেকর্ডকে খুবই দুঃখজনক আখ্যায়িত করে এইচআরডব্লিউ বলেছে, বিশেষত প্রতিষ্ঠার পর থেকে র‌্যাব দায়মুক্তিসহ ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। র‌্যাব ভেঙে দিয়ে সরকারের উচিত অপরাধ ও সন্ত্রাস দমনে একটি পূর্ণ জবাবদিহিমূলক বেসামরিক আইন প্রয়োগকারী সংস্থা প্রতিষ্ঠা করা। এ ছাড়া সরকারের উচিত নির্বাচনের আগে-পরের সব হামলার ঘটনা তদন্ত এবং জড়িতদের বিচার করা।

আন্তর্জাতিক এ সংগঠন সরকারের প্রতি পুলিশ, র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠা আইন লঙ্ঘনের ঘটনার অভিযোগ তদন্তে একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা প্রতিষ্ঠারও আহ্বান জানিয়েছে।

প্রতিবেদনের শেষদিকে ব্র্যাড অ্যাডামস মন্তব্য করেন, ‘নির্বাচন হয়ে যাওয়ার পর দৃশ্যত বাংলাদেশের কর্তৃপক্ষ আশা করছিল, নির্যাতনের ঘটনা লোকজন এমনিতেই ভুলে যাবেন এবং সবকিছু আবার স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত, এটা (সরকারের) এমন এক আচরণ, যা অতীতে সহিংসতা উসকে দিয়েছে এবং যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতেও সহিংসতা উসকে দেবে।’

এইচআরডব্লিউয়ের প্রতিবেদন