
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির একটি প্রতিনিধিদল। তারা নির্বাচনকেন্দ্রিক সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের দাবি জানিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে নির্মূল কমিটির একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি (অবসরে যাওয়া) শামসুদ্দিন চৌধুরী ও ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
নির্মূল কমিটির পক্ষ থেকে বলা হয়, তারা নির্বাচনকেন্দ্রিক সাম্প্রদায়িক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে। সহিংসতা প্রতিরোধের দাবি জানিয়েছে। এ লক্ষ্যে লিখিতভাবে সাত দফা দাবি পেশ করা হয়েছে।
নির্মূল কমিটির প্রতিনিধিরা জানান, সিইসি তাঁদের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, এ বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত সচেতন।
শামসুদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচনে সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন ডিসি, এসপি, ওসি। যাঁরা নির্বাচনের দায়িত্বে থাকেন, তাঁদের ইতিহাস ঘেঁটে সাম্প্রদায়িকতার প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বদলি করতে হবে। সাম্প্রদায়িক সহিংসতার শিকার সংখ্যালঘু ভুক্তভোগীরা ভয়ে মামলা করতে চায় না। এ ক্ষেত্রে পুলিশকেই উদ্যোগী হতে হবে।
শাহরিয়ার কবির বলেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নির্বাচকমণ্ডলীর ওপর হামলা ও হত্যাকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। চার দফা নির্বাচনে অন্তত ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ। গণমাধ্যমের খবর অনুযায়ী, সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়-অধ্যুষিত এলাকায় বিশেষভাবে তারা আক্রমণের লক্ষ্যে পরিণত হয়েছে। নির্বাচনকেন্দ্রিক সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে সিইসির কাছে সাত দফা দাবি পেশ করার কথা জানান তিনি।