নির্বাচনপদ্ধতি পরিবর্তনের প্রস্তাব খালেকুজ্জামানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান নির্বাচনপদ্ধতি পরিবর্তন করার প্রস্তাব দিয়েছেন।
নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় গতকাল শনিবার জেলা সিপিবি ও বাসদের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এই প্রস্তাব দেন।
এতে সিপিবি জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, সিপিবির জেলা শাখার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী প্রমুখ।
সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, আওয়ামী লীগের বিকল্প বিএনপি বা মহাজোটের বিকল্প ১৮-দলীয় জোট হতে পারে না। যে দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের অভিযোগে আওয়ামী লীগ অভিযুক্ত, বিএনপিও একই অভিযোগে অভিযুক্ত। তাই বাম বিকল্প শক্তির উত্থানই দেশের এ ঘনীভূত সংকট নিরসনে পথ দেখাতে পারে।
খালেকুজ্জামান বলেন, এক দল ক্ষমতা ছাড়বে না, আরেক দল ক্ষমতার বাইরে থাকবে না—এই মনোভাব বহাল রেখে সমাধানের নানা প্রস্তাব রেখে বাস্তবে সংকটের গভীরতা ও তীব্রতা বৃদ্ধির পথই সুগম করা হচ্ছে। নির্বাচনের আগেই তারা নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নিতে চায়। কখনো বাগ্যুদ্ধ, কখনো মল্লযুদ্ধ পালাক্রমে চলছে। শাসক বুর্জোয়া দলগুলোর নতজানু নীতির ফলে বিদেশি কূটনৈতিক মহলও এখন অভ্যন্তরীণ রাজনীতিতে ভালোভাবেই জড়িয়ে পড়ছে। এই সংকট নিরসনে বিভিন্ন দল ও বিভিন্ন সামাজিক শক্তির মতামতের ঐক্য জরুরি বিধায় এ লক্ষ্যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিরোধের মাত্রা কমিয়ে আনার জন্য এখনই নির্বাচনপদ্ধতির পরিবর্তন জরুরি। এই পদ্ধতিতে সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ ব্যক্তি প্রার্থীর বদলে প্রাপ্ত ভোটের হারে প্রতিনিধি নির্বাচন করা হবে। নারায়ণগঞ্জের গ্যাস-সংকট সমস্যার সমাধান, গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের টোল কমানো এবং মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যার বিচার দাবি করেন তিনি।