নির্বাচনবিরোধীদের তাণ্ডবে বিদ্যালয় থেকে শিশুরা দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামল গ্রামের মাঝখানে ঝকঝকে একতলা পাকা ভবন। সামনে সবুজ মাঠ। দূর থেকে দেখলে মন জুড়ানো পরিবেশ। গাবতলী উপজেলার মধ্য কাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই নির্মল পরিবেশকে কলুষিত করেছে নির্বাচনবিরোধীরা। ভোটের আগের রাতে ভবনটিতে ছড়িয়ে দেওয়া হয় মানুষের মলমূত্র।
শুধু মধ্য কাতুলী নয়, নির্বাচনবিরোধীদের ক্রোধের শিকার হয়েছে গাবতলীর ২৫টিসহ বগুড়ার দুটি নির্বাচনী আসনের ৫০টির বেশি বিদ্যালয়। মধ্য কাতুলী বিদ্যালয় ভবন দুই দিন ধরে পরিষ্কার করে সেখানে পাঠদান শুরু করা গেছে। কিন্তু আগুন ধরিয়ে দেওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেরই প্রায় সব শেষ হয়ে গেছে। সেখানে মেঝেতে চট বিছিয়ে পড়াশোনা চলছে। যেখানে নতুন বই নিয়ে নতুন ক্লাসে ওঠার আনন্দে মাতার কথা শিক্ষার্থীদের, সেখানে বিরাজ করছে ভীতির আবহ।
মধ্য কাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতা রানী নিয়োগী প্রথম আলোকে জানান, তাঁরা স্থানীয় লোকজনকে দিয়ে বিদ্যালয় ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করিয়েছেন। গত বুধবার পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। ঘটনার তিন দিন পর ওই দিন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শন করেছেন।
নির্বাচন বর্জনকারী দলগুলোর নেতা-কর্মী-সমর্থকেরা অনেক বিদ্যালয়ের ভবন, শ্রেণীকক্ষের চেয়ার-টেবিল, শিক্ষার্থীদের নতুন বই, ব্ল্যাকবোর্ডসহ শিক্ষা-উপকরণ পুড়িয়ে দিয়েছেন। আগুনে পুড়েছেন অফিস কক্ষে থাকা সমাপনী পরীক্ষার সনদ ও নম্বরপত্রের মতো জরুরি দলিল ও কাগজপত্র।
গাবতলী, শাজাহানপুর, কাহালু ও নন্দীগ্রামের সমন্বয়ে গঠিত বগুড়ার দুটি নির্বাচনী এলাকার ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোতে তাই বারান্দায় চট বিছিয়ে পাঠদান চলছে। তবে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীর উপস্থিতি স্বাভাবিক সময়ের মতো নয়। শিক্ষকদের অনেকেই বলছেন, শিক্ষার্থীদের মধ্যে একধরনের ভীতি বিরাজ করছে।
গাবতলীর মাঝপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালিমা রহমান প্রথম আলোকে বলেন, নির্বাচনের দিন তাঁর বিদ্যালয়ের সব চেয়ার-টেবিল পুড়িয়ে দেওয়া হয়েছে। তাই এখন বারান্দায় চট পেতে ক্লাস নেওয়া হচ্ছে। হালিমা রহমান জানান, বিদ্যালয়ে ২৮৪ জন শিক্ষার্থী থাকলেও নির্বাচনের পর অনেকেই ভয়ে আসছে না।
উপজেলার রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার রহমান জানান, নির্বাচনের দিন তাঁর বিদ্যালয়ের দোতলা ভবনের নিচতলার তিনটি শ্রেণীকক্ষের চেয়ার-টেবিল পুড়িয়ে দেওয়া হয়েছে। তাই এখন প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে নিচতলার বারান্দায় চট বিছিয়ে।
মধ্য কাতুলী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী শম্পা এই প্রতিবেদককে বলে, ‘ইশকুল পুড়ে দিচে, কষ্ট লাগিচ্ছে। লেখাপড়া হচ্ছে না।’
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরা সুলতানা প্রথম আলোকে বলেন, নির্বাচনের দিন দুর্বৃত্তদের হামলায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হলেও বাকিগুলো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো পরিপূর্ণভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
ইউএনও আরও বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত হলেও প্রায় সব কটি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলছে।
বগুড়ার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজওয়ান হোসেন বলেন, ভোটকেন্দ্রে হামলার ঘটনায় এখন পর্যন্ত গাবতলী উপজেলায় ২০টি, নন্দীগ্রামে দুটি এবং শাজাহানপুর ও কাহালুতে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় যৌথভাবে কাজ করছে।