নির্বাচনব্যবস্থা ধ্বংসের জন্য দায়ী 'মেরুদণ্ডহীন ইসি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) দাবি করেছে, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বহু কষ্টার্জিত নির্বাচনব্যবস্থাকে আবার ধ্বংসের মুখোমুখি দাঁড় করানো হয়েছে৷ এর জন্য ‘মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে (ইসি)’ দায়ী করেছে সংগঠনটি৷
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অায়োজিত এক সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এ দাবি করে কমিশনকে দায়ী করেন৷ সৎ, যোগ্য, নিরপেক্ষ ও ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিদের সমন্বয়ে বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) পুনর্গঠনের দাবি জানান তিনি৷
ছয় দফায় অনুষ্ঠিত ৪৭১ উপজেলা পরিষদে নির্বাচিত ৪৬৫ জন চেয়ারম্যান ও তাঁদের প্রতিদ্বন্দ্বিদের হলফনামার তথ্যের ভিত্তিতে তৈরি করা বিশ্লেষণপত্র প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলন করে সুজন৷ সংগঠনটি মনে করে, এবারের উপজেলা নির্বাচনে সহিংসতা, আচরণবিধি ভঙ্গ, কেন্দ্র দখল, জোর করে ব্যালট পেপারে সিল মারা এবং ফলাফল পাল্টে দেওয়ার মতো ঘটনার জন্য সাতটি কারণ দায়ী। এর পাঁচটি প্রধান কারণ হচ্ছে: দলভিত্তিক নির্বাচন, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, ক্ষমতা প্রয়োগে কমিশনের অনীহা, এক দিনে সব উপজেলা নির্বাচন না করা এবং রাজনৈতিক দল, বিশেষত ক্ষমতাসীনদের যেকোনো নির্বাচনে জয়লাভের মরিয়া প্রচেষ্টা৷
এর প্রতিকারে সরকার ও নির্বাচন কমিশনের কাছে স্থানীয় সরকার নির্বাচন দলভিত্তিক না করা, দলভিত্তিক করতে চাইলে আইন প্রণয়ন করা, মেরুদণ্ড সোজা নির্বাচন কমিশন গঠন, একাধিক দিনে নির্বাচন না করাসহ নয় দফা সুপারিশ করে সুজন৷
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সুজনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, অপরাধী ও দুর্বৃত্তদের নেতা হওয়ার প্রবণতা সাংঘাতিকভাবে বেড়ে গেছে৷ আবার নেতাদের মধ্যে দুর্বৃত্তপনার প্রবণতাও বেড়েছে। তাঁদের কাছে উপজেলা পরিষদ, জাতীয় সংসদ, জনগণ—কোনোটাই নিরাপদ নয়৷
তোফায়েল আহমদ অভিযোগ করেন, নির্বাচন কমিশন প্রার্থীদের হলফনামার তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে না৷ এ প্রসঙ্গে তিনি সম্প্রতি নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত নিহত কাউন্সিলর নজরুল ইসলাম, পলাতক কাউন্সিলর নূর েহাসেন ও গ্রেপ্তার হওয়া নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলার অবৈধ সম্পদের উল্লেখ করে বলেন, নির্বাচন কমিশনের উচিত তাঁদের হলফনামার তথ্য অনুসন্ধান করে প্রার্থিতা বাতিল করে দেওয়া৷
তোফায়েল আহমদ চতুর্থ উপজেলা নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল এখন পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে প্রকাশ না করার কড়া সমালোচনা করেন৷ সুজনের বিশ্লেষণপত্রে দেখা যায়, অন্যসব নির্বাচনের মতো উপজেলায়ও ব্যবসায়ীদের প্রাধান্য বেশি৷ অধিক সম্পদের মালিকেরাই অধিক হারে নির্বাচিত হয়েছেন৷
তবে আশার কথা, এবার ভোটাররা উচ্চশিক্ষিত ব্যক্তিদেরই (স্নাতক-স্নাতকোত্তর) নির্বাচিত করেছেন বেশি৷ নির্বাচিত ৪৬৫ চেয়ারম্যানের মধ্যে ১৩৩ জনের বর্তমানে মামলা আছে৷ আর অতীতে মামলা ছিল ২০৫ জনের বিরুদ্ধে৷ বর্তমানে মামলা আছে, অতীতেও ছিল, এমন চেয়ারম্যান রয়েছেন ৭২ জন৷