নির্বাচনব্যবস্থা ভেঙে পড়া রোধে জাতীয় সংলাপ চায় সুজন
নির্বাচনব্যবস্থাকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করা ও এই নির্বাচনের বিভিন্ন দিক পর্যালোচনার জন্য এখনই একটি জাতীয় সংলাপ চায় সুজন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬: একটি সার্বিক মূল্যায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) মনে করে, নবম ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) ‘মডেল’ হিসেবে গ্রহণযোগ্যতা পেলে দেশের নির্বাচনব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। ভেঙে পড়বে গণতান্ত্রিক ব্যবস্থাও।
সুজন বলছে, সংলাপ হতে হবে রাজনৈতিক দল, সরকারের নির্বাচনসংশ্লিষ্ট বিভাগ, নাগরিক সংগঠন, নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে। এখানে আলোচনার বিষয় হিসেবে থাকবে ইউপি নির্বাচনের খুঁটিনাটি দিক, নির্বাচনব্যবস্থাকে পরিশুদ্ধ করার উপায়, স্থানীয় সরকার নির্বাচন দলভিত্তিক হবে কি না, নির্বাচন কমিশন নিয়োগ আইন কী হবে, কমিশন নিয়োগে সার্চ কমিটি থাকবে কি না, থাকলে কমিটিতে কারা থাকবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুজনের সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, প্রথম বারের মতো দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত ইউপি নির্বাচন সবচেয়ে বিতর্কিত ও খারাপ নির্বাচন আখ্যা পেয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে এই নির্বাচন সুষ্ঠু হয়নি। ছয় ধাপে নির্বাচনে প্রাণ হারিয়েছেন ১৪৫ জন। আর আহত হয়েছেন সাড়ে ১১ হাজারেরও বেশি লোক। ব্যাপক কারচুপি ও মনোনয়ন-বাণিজ্য হয়েছে। বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ২১৪ জন। এর মধ্যে সরকারদলীয়ই ২১২ জন।
সংবাদ সম্মেলনে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ এই নির্বাচনকে ভৌতিক নির্বাচন বলে অভিহিত করেছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, এই নির্বাচনে প্রকৃত ভোটাররা ভোট দিতে পারেননি। অনেক জায়গায় মৃত ভোটাররাও ভোট দিয়েছেন, অর্থাৎ তাঁরা ভূত হয়ে ভোট দিয়েছেন। এ ছাড়া সন্ত্রাস-কারচুপি কত ধরনের হতে পারে, তা এই নির্বাচনে দেখা গেছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, নবম ইউপি নির্বাচনে সরকারি দল ৬৭ শতাংশ ইউপিতে জয়ী হয়েছে। তাদের দলের ‘বিদ্রোহী’ প্রার্থীরাও জিতেছেন অনেক। এতে সরকার লাভবান হয়েছে বলে মনে করা হচ্ছে। এই লাভ সাময়িক। কিন্তু গণতন্ত্রের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।
সংবাদ সম্মেলনে গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর ও সুজনের ঢাকা জেলা সভাপতি মুজবা আলী উপস্থিত ছিলেন।