নির্বাচনব্যবস্থার ওপর আস্থা ফেরানো জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) মনে করে, ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন এবং এরপর উপজেলা নির্বাচনের পর সার্বিক নির্বাচনব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে গেছে। সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে সেই আস্থা ও বিশ্বাস পুনঃ প্রতিষ্ঠা করা জরুরি।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মত দেয় ইডব্লিউজি। সংবাদ সম্মেলনে বলা হয়, সব প্রার্থীর জন্য সমান সুযোগ এবং নির্বাচনী কার্যক্রমের প্রতিটি পদক্ষেপে পেশাগত আচরণ, স্বচ্ছতা ও নিরপেক্ষতা দেখানোর মাধ্যমে মানুষের হারানো আস্থা পুনঃ প্রতিষ্ঠিত হতে পারে।
নির্বাচনী প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ২০০৬ সালে দেশের ২৮টি বেসরকারি সংস্থার জোট ইডব্লিউজি গঠিত হয়। গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইডব্লিউজির পরিচালক মো. আবদুল আলীম।
সংবাদ সম্মেলনে বলা হয়, গণতন্ত্রে নির্বাচনের অপরিহার্য ভূমিকার কারণে ইডব্লিউজি সব ধরনের নির্বাচনকে স্বাগত জানায়। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবার কাছে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। প্রার্থী ও ভোটাররা যেন নির্ভয়ে থাকতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনকে ব্যাপকভিত্তিক নিরাপত্তাব্যবস্থা নিতে হবে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। আর সিটি করপোরেশন নির্বাচন যেহেতু নির্দলীয়, কাজেই রাজনৈতিক মনোনয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। নির্বাচনসংক্রান্ত নীতিমালার কার্যকর বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে নারী ভোটারদের জন্য নারী ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ, ভোটকেন্দ্রে বাধ্যতামূলক পোলিং এজেন্ট নিয়োগসহ মোট ১১ দফা সুপারিশ করা হয়। ইডব্লিউজি জানিয়েছে, ঢাকার দুই সিটির নির্বাচনে তাদের ৪৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক এবং নির্বাচনের দিন এক হাজার পর্যবেক্ষক কাজ করবেন।
এ ছাড়া চট্টগ্রামে ২১ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক এবং ভোটের দিন ৭০০ জন পর্যবেক্ষক নিয়োগ করার পরিকল্পনা আছে। সবার অংশগ্রহণে এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলেও আশা করে ইডব্লিউজি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইডব্লিউজির সদস্য নাজমুল আহসান কলিমুল্লাহ, তালেয়া রেহমান, কামরুল হাসান, এইচ এম নোমান, হারুন অর রশিদ ও বিনয় কৃষ্ণ মল্লিক।