নির্বাচনী অনিয়মের দ্রুত তদন্ত চায় অস্ট্রেলিয়া, কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও সহিংসতার খবরের দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া ও কানাডা। এর আগে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কয়েকটি মানবাধিকার সংস্থা এ আহ্বান জানিয়েছে। খবর ইউএনবির।
গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া ও কানাডা বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি ওই আহ্বান জানায়। একই সঙ্গে আইন লঙ্ঘনকারীদের বিচারের আওতায় আনার বিষয় নিশ্চিত করারও অনুরোধ জানিয়েছে দেশ দুটি।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার গ্রেগ উইলকক ও কানাডীয় হাইকমিশনার বেনয়েট-পিয়েরে লারামি সিটি করপোরেশন নির্বাচনে ‘অনিয়ম এবং সহিংসতার অনেক খবরে’ তাঁদের উদ্বেগ প্রকাশ করেন। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত হয় ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি নির্বাচন।
বিবৃতিতে দুই হাইকমিশনার বলেন, সরকার ও বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতের এক উল্লেখযোগ্য পর্যায় অতিক্রান্ত হওয়ার পর বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হওয়া এবং আস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে দারুণ সুযোগ হিসেবে এ নির্বাচনকে দেখেছিল অস্ট্রেলিয়া ও কানাডা। সব পক্ষের প্রতি শান্তিপূর্ণ, আইনসম্মত ও গণতান্ত্রিক বিধিসম্মত উপায়ে আচরণ করারও আহ্বান জানান তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের মানুষ শান্তি, মানবাধিকারের প্রতি সম্মান ও আইনের শাসন রয়েছে—এমন এক পরিবেশে জীবনযাপনের অধিকার রাখে।’ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী সম্পর্ককে অস্ট্রেলিয়া ও কানাডা মূল্য দেয় বলেও মন্তব্য করেন এই দুই হাইকমিশনার।