নির্বাচনী অপরাধের সাজা কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচনী অপরাধের সাজার পরিমাণ কমানোর প্রস্তাব বহাল রাখবে নির্বাচন কমিশন। মোবাইল কোর্ট আইন ২০০৯-এর (ভ্রাম্যমাণ আদালত) সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা বাড়াতে কমিশন এই সুপারিশ করতে যাচ্ছে।

আইন মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া পর্যালোচনা শেষে কমিশন এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আগামীকাল বুধবার কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারিতে অবসরে যাওয়ার আগে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাবে এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশনও প্রায় একই প্রস্তাব করেছিল। তবে আইন মন্ত্রণালয় সেই প্রস্তাব কমিশনে ফেরত পাঠায়।

নির্বাচন কমিশন গত এপ্রিলে আরপিও সংশোধনের প্রস্তাব করে আইন মন্ত্রণালয়ে পাঠায়। এতে মোট ৪১টি ধারাতে ৫৭টি সংশোধনী প্রস্তাব করা হয়।

আইন মন্ত্রণালয় প্রস্তাব পর্যালোচনা করে ৪১টি সংশোধনীর সঙ্গে একমত পোষণ করেছে। নির্বাচনী অপরাধ-সংশ্লিষ্ট ধারাগুলোর ব্যাপারে মোবাইল কোর্ট আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

আরপিওর ৮৯(এ) ধারায় বলা আছে, ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে পারবেন। ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের সাজা ও জরিমানা দিতে পারবেন। কিন্তু বেশির ভাগ নির্বাচনী অপরাধের দণ্ড দুই থেকে সাত বছরের মধ্যে হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পক্ষে এসব অপরাধ আমলে নেওয়া সম্ভব নয়। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যাতে অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার করতে পারেন, সে জন্যই নির্বাচনী অপরাধের সাজার মেয়াদ কমানো হচ্ছে।

আরপিওর ৭৩, ৭৪ ও ৭৮ ধারাসংশ্লিষ্ট অপরাধের সাজা দুই থেকে সাত বছরের কারাদণ্ড। কমিশন এসব অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ এক লাখ টাকা দণ্ডের প্রস্তাব করেছে। ৭৯ ও ৮০ ধারায় অপরাধ করলে সাজা ছয় মাস থেকে তিন বছরের কারাদণ্ড। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার প্রস্তাব করেছে কমিশন।

৮১ ধারায় অপরাধের ক্ষেত্রে তিন থেকে সাত বছরের কারাদণ্ডের কথা বলা আছে। এ ক্ষেত্রে কমিশন সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানার প্রস্তাব করেছে। ৮২, ৮৩, ৮৪ ও ৮৬ ধারার অপরাধের জন্য এক থেকে পাঁচ বছরের কারাদণ্ডের কথা বলা আছে। কমিশন এ ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার প্রস্তাব করেছে।

গতকাল সোমবার নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, নির্বাচনী অপরাধের দণ্ডের পরিমাণ বেশি হওয়ায় অতীতে কারোরই কোনো সাজা হয়নি। দণ্ডের পরিমাণ কমিয়ে আনা হলে তা প্রয়োগযোগ্য হবে এবং নির্বাচনী অপরাধ কমে যাবে। সে জন্য কমিশন নির্বাচনী অপরাধ-সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধনের প্রস্তাবে কোনো পরিবর্তন আনার কথা ভাবছে না।

কমিশন সচিবালয় সূত্র জানায়, আরপিওর ১২(৩এ) ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত দল থেকে প্রাথমিকভাবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় একজন প্রার্থীর নাম চূড়ান্ত করে লিখিতভাবে তা রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের সময় দল থেকে একজন প্রার্থীর নাম চূড়ান্ত করতে হবে। এ ক্ষেত্রে তালিকার অন্য প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।