নির্বাচনী আমেজ আনতে কাল ১৪ দলের সমাবেশ
বিরোধী দলের অপতত্পরতাকে প্রতিহত ও জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাত্মক সফল করতে আগামীকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বেলা তিনটায় সমাবেশ করবে ১৪ দল।
এ উপলক্ষে ইতিমধ্যে ১৪-দলীয় জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী জোট নেতৃবৃন্দ এবং ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ।
বৈঠকের একটি সূত্র জানিয়েছে, সমাবেশ লোকে-লোকারণ্য করতে ওই ছয় জেলা থেকে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী সমাবেশে হাজির করতে বলা হয়েছে। মূলত ঢাকায় একটি নির্বাচনী আমেজ, মানুষের মধ্যে উত্সাহ ও উদ্দীপনা সৃষ্টির জন্য কালকের সমাবেশ সফল করতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়াও সমাবেশ সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগ তিন দফা যৌথ সভা করেছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘নেতা-কর্মীদের মধ্যে উত্সাহ-উদ্দীপনা তৈরি করতে এ সমাবেশ করা হচ্ছে।’
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও, বোমাবাজি, অগ্নিসংযোগ, রেললাইন উত্পাটন, হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘরে হামলা, লুটতরাজসহ পাকিস্তান পার্লামেন্টে গণহত্যাকারীদের পক্ষে প্রস্তাব গ্রহণ করার প্রতিবাদে এ সমাবেশ করা হবে।