চট্টগ্রাম-১২ (আনোয়ারা-পশ্চিম পটিয়া) উপনির্বাচনে নির্বাচনী আমেজ না থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের শৈথিল্য দেখানোর সুযোগ নেই বলে কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ ও জাবেদ আলী। গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম-১২ উপনির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তাঁরা এ কথা বলেন। আবু হাফিজ বলেন, জনপ্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টরা যদি সঠিকভাবে কাজ করতে না পারেন, তাহলে নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হবে না। ফলাফল ঘোষণা পর্যন্ত সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী ১৭ জানুয়ারি চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচন হবে। এতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাইফুজ্জামান চৌধুরী এবং গণফোরামের উজ্জ্বল ভৌমিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই নির্বাচন নিয়ে কোনো ধরনের উত্তাপ কিংবা আমেজ দেখা যাচ্ছে না বলে সভায় উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা কমিশনারদের জানান। নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, এই নির্বাচনে কোনো আমেজ-উত্তেজনা না থাকলেও কমিশনের পক্ষ থেকে কোনো শৈথিল্য দেখানো হচ্ছে না। তিনি বলেন, নির্বাচনে প্রয়োজনে বিজিবি মোতায়েন করা হবে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় যাননি উজ্জ্বল ভৌমিকের প্রতিনিধি: আনোয়ারা প্রতিনিধি জানান, চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচন উপলক্ষে গতকাল আনোয়ারায় আয়োজিত মতবিনিময় সভায় গণফোরামের প্রার্থী উজ্জ্বল ভৌমিকের কোনো প্রতিনিধি যাননি। গণফোরামের নেতাদের দাবি, মতবিনিময় সভায় তাঁদের ডাকা হয়নি। গতকাল বিকেলে আনোয়ারা উপজেলা মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। সভার প্রধান অতিথি নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সবকিছুই করবে। দেশি-বিদেশি পর্যবেক্ষকসহ সবাই যাতে এই নির্বাচনকে গ্রহণ করেন, সে চেষ্টা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাইফুজ্জামান চৌধুরীর প্রতিনিধি উপস্থিত থাকলেও উজ্জ্বল ভৌমিকের কোনো প্রতিনিধি ছিলেন না।গণফোরামের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসাধারণ সম্পাদক রণজিত্ সিকদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ রকম মতবিনিময় সভা হলে প্রার্থীদের আগে চিঠি দিয়ে জানানো হয়। কিন্তু আমাদের জানানো হয়নি। আগে জানালে আমরা অবশ্যই অংশ নিতাম।’এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী নুরুল আবছার প্রথম আলোকে বলেন, উজ্জ্বল ভৌমিককে মতবিনিময় সভায় আসার জন্য বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।