নির্বাচনী আমেজ নেই ব্রাহ্মণবাড়িয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের দুটিতেই রয়েছেন একক প্রার্থী। বাকি চার আসনে একাধিক প্রার্থী থাকলেও নির্বাচনী আমেজ নেই। দশম জাতীয় সংসদ নির্বাচনের মাত্র চার দিন বাকি থাকলেও নির্বাচনী সভা-সমাবেশও তেমন চোখে পড়ছে না।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের আওয়ামী লীগ প্রার্থী এ বি তাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া-১, ২, ৩ ও ৫ আসনে নির্বাচন হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে এবার চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থীর আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) প্রার্থী ফরিদ আহমেদ সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি এর আগেও এই আসন থেকে নির্বাচন করেছেন। এ ছাড়া বিএনএফের জহিরুল হক ভূইয়া টিভি ও ইসলামী ফ্রন্টের সৈয়দ নাইমুদ্দিন মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে তেমন কোনো প্রচার-প্রচারণাও চোখে পড়ছে না।
নবীনগরের বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের চায়ের দোকানের মালিক রেতু মিয়া বলেন, নির্বাচন যদি ঠিকঠাকভাবে হতো, তাহলে দেশের অবস্থা এমন থাকত না। অনেকেই নির্বাচনের দিন হামলার আশঙ্কা করছেন।
জেলায় শুধু আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থক ছাড়া সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ কম। প্রার্থীদের জনসংযোগ ও সভা-সমাবেশও নেই। তোফায়েল আজম রোডের ক্ষুদ্র ব্যবসায়ী আলী হোসেন বলেন, ‘এ ধরনের নির্বাচন দিলেই বা কি? এখানে তো হার-জিতের কোনো বিষয় নেই। ভোট দিলেও যা হবে, না দিলেও তা-ই হবে।’