নির্বাচনী আলোচনায় ঢাকা পড়েছে চলমান রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর বদলে গেছে নোয়াখালীর আটটি পৌরসভার দৃশ্যপট। পৌরসভাগুলো হলো নোয়াখালী, চাটখিল, সোনাইমুড়ী, চৌমুহনী, কবিরহাট, হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সেনবাগ। কয়েক দিন আগেও যেখানে আলোচনার বিষয়বস্তু ছিল চলমান রাজনীতি, সেখানে একটি ঘোষণাই পাল্টে দিয়েছে সবকিছু। নির্বাচনী আলোচনায় ঢাকা পড়েছে চলমান রাজনীতি। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় যাঁরা নিজেদের অনেকটা গুটিয়ে রেখেছিলেন, তফসিল ঘোষণার খবরে তাঁরা নড়েচড়ে বসেছেন। অনেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করছেন, অতীতের দোষত্রুটির জন্য ক্ষমা চাইতেও ভুল করছেন না।নোয়াখালী পৌরসভার ফকিরপুর এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ইতিমধ্যে মেয়র পদের জন্য একজন তাঁর সঙ্গে দেখা করে গেছেন। আরও একজন ফোন করে দোয়া চেয়েছেন।চৌমুহনী পৌরসভার ব্যাংক রোডের ব্যবসায়ী জয়নাল আবদিন জানান, দেশের চলমান রাজনীতি যে উত্তাপের দিকে যাচ্ছিল, পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর তা ঢাকা পড়ে গেছে। কারণ সবার মুখেই একটি আলোচনা—কোন এলাকা থেকে কে লড়ছেন।সেনবাগ পৌরসভার উত্তর শাহাপুর এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক মনজুর আলম জানান, সংসদ ও উপজেলা নির্বাচনের প্রায় দুই বছর পর এই নির্বাচনের তফসিল ঘোষণায় শহরবাসীর মনে অন্যরকম এক উৎসবের আমেজ লক্ষ করা যাচ্ছে।