নির্বাচনী ইশতেহার তৈরি করছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের পাশাপাশি বিএনপি নির্বাচনী ইশতেহার তৈরির কাজও চালাচ্ছে। বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা ইশতেহারের একটি খসড়া গত বৃহস্পতিবার রাতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখিয়েছেন।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জন্য প্রস্তাবিত রূপকল্প-২০৩০’ শীর্ষক খসড়ার প্রথমেই বলা হয়েছে, বিভেদ নয়, ঐক্যের বিভিন্ন রাজনীতি করা হবে। প্রতিহিংসার রাজনীতি করা হবে না। এতে বিভিন্ন খাতে উন্নয়নের রূপকল্প তুলে ধরার পাশাপাশি নতুন ধারার রাজনীতি ও সরকার গঠনের ওপর জোর দেওয়া হচ্ছে। জনগণকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির মধ্যে আছে, ২০৩০ সালের মধ্যে মানুষের মাথাপিছু আয় চার থেকে পাঁচ হাজার মার্কিন ডলারে নিয়ে যাওয়া, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা, পুলিশ সংস্কার কমিশন গঠন, সন্ত্রাস ও জঙ্গিবাদের ব্যাপারে কোনো ছাড় না দেওয়া, ছেলেদের জন্যও দশম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জীবন ও স্বাস্থ্য বিমা চালু, কৃষি ও পশুপালনের ক্ষেত্রগুলোকে বিমার আওতায় আনা ইত্যাদি।
সূত্র জানায়, ২০০৮-এর নির্বাচনের সময় আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে রূপকল্প-২০২১ তুলে ধরে। বিএনপি তখন জনগণকে স্বপ্ন দেখানোর মতো কিছু ইশতেহারে তুলে ধরতে পারেনি। এবার তাই ইশতেহার ও স্লোগান নিয়ে আগে থেকেই কাজ শুরু করেছে দলটি। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে ইশতেহার নিয়ে চলছে নানা চিন্তা ও তৎপরতা। ‘নতুন ধারা সরকার ও রাজনীতি’ হতে পারে দলটির পরবর্তী নির্বাচনী স্লোগান।
বিএনপির একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, ইশতেহার এখনো চূড়ান্ত হয়নি। নানা প্রস্তাব আসছে। সবকিছু যাচাই-বাছাই করে একটি আধুনিক ও যুগোপযোগী ইশতেহার ও স্লোগান তুলে ধরা হবে।