নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর
নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার অনুযায়ী, অর্থ ব্যয় করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার গণভবনে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ তাগিদ দেন।বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভর্তুকির পরিমাণ বেড়ে যাওয়া, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অগুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ ব্যয় ও ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়ে যাওয়াসহ অর্থনীতির সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বৈঠকে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, অর্থসচিব মোহাম্মদ তারেক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, পরিকল্পনাসচিব ভূঁইয়া শফিকুল ইসলাম, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য এম শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং দেওয়া হয়নি। সূত্র জানায়, প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ ও নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের নির্দেশ দেন।