নির্বাচনী ইশতেহারে আদিবাসী নিয়ে প্রতিশ্রুতি দাবি
আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিষয়ে প্রতিশ্রুতি ঘোষণার দাবি জানিয়েছেন বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘আমরা চাই, যারাই সরকার গঠন করুন না কেন, তাঁরা যেন ক্ষমতায় গিয়ে এসব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেন।’
আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের ‘ডেইলি স্টার’ মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন।
পার্বত্য ভূমি কমিশনবিষয়ক সংশোধনী আইন সংসদে পাস করার দাবিতে নাগরিক সমাজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর।
সংবাদ সম্মেলনে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সরকারের কাছে আমাদের এ মুহূর্তে দাবি, তারা যেন অবিলম্বে পার্বত্য ভূমি কমিশনবিষয়ক সংশোধনী আইন জাতীয় সংসদে পাস করে। তবে দলগুলোর কাছে আমাদের দাবি, পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতির সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে দেখে। এ সমস্যা সমাধানে নিজ নিজ দলীয় নির্বাচনী ইশতেহারে তাদের প্রতিশ্রুতির কথা যেন অবশ্যই ঘোষণা করে।’
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেছেন, ‘প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা গওহর রিজভী বারবার অঙ্গীকার করেছেন, এ সরকারের আমলেই পার্বত্য শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়িত হবে। আমরা পার্বত্য ভূমি কমিশনবিষয়ক সংশোধনী আইন সংসদে পাস করার মাধ্যমে এ অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে চাই। রাজনৈতিক অস্থিরতার সুযোগে তা করা না হলে আমরা মনে করব, শান্তিচুক্তির বাস্তবায়ন নিয়ে সরকার ধোঁকাবাজি করেছে।’
আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান লিটন বলেন, ‘পার্বত্য সমস্যা সমাধানে একটি বিশেষ মহল বরাবরই বাধার সৃষ্টি করে আসছে। এই গোষ্ঠীটি পাহাড়ে স্থায়ীভাবে সংকট জিইয়ে রাখতে চায়।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেণ, বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস প্রমুখ।