আদিবাসী নেতারা বলেছেন, নির্বাচনী ইশতেহার দেখেই আদিবাসীরা সরকারকে ভোট দিয়েছিল। কিন্তু সরকার ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে বরং আদিবাসীদের ধোঁকা দিয়েছে। তামাশা করছে। আগামী নির্বাচনে সরকার এর পরিণতি বুঝতে পারবে। গতকাল সোমবার বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত সেমিনারে আদিবাসী নেতারা এই ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়ারও তাগিদ দেন তাঁরা।রাজধানীর মোহাম্মদপুরের ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহার: বাস্তবায়ন ও চ্যালেঞ্জ’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। সেমিনারের সঞ্চালক ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, আদিবাসীদের প্রতি বৈষম্য দূর করার প্রতিশ্রুতি ছিল নির্বাচনী ইশতেহারে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে লঙ্ঘন করছে। বাস্তবায়ন তো দূরের কথা, ভূমি কমিশন গঠনের ব্যাপারে সরকার একটি শব্দও লেখেনি। সরকারের প্রতি আর আস্থা রাখা যায় না। তাই আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।সেমিনারে ‘প্রতিশ্রুতি ও প্রতিশ্রুতি পূরণের বাস্তবতা’ শীর্ষক মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে দীপু মনি আদিবাসীদের অধিকার আদায়ে মানববন্ধন করেছেন। তবে মন্ত্রী হওয়ার পর তিনি শক্ত ও বিরোধী অবস্থান নিয়েছেন, যা বিএনপি বা জামায়াতের কোনো রাজনীতিবিদও করেননি। দীপু মনি উন্নয়ন-সহযোগী ও কূটনীতিকদের উদ্দেশে বলেছেন, বাংলাদেশে আদিবাসী নেই, বাঙালিরাই প্রকৃত আদিবাসী।আলোচনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক সৌরভ সিকদার, আদিবাসী ফোরামের সহসভাপতি অনিল মারান্ডি, আচিকমিচিক সোসাইটির সভাপতি সুলেখা ম্রং প্রমুখ।