নির্বাচনী উন্নয়নের জোয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ডে ওয়ার্ডে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার তোড়জোড়। নালা-নর্দমা পরিষ্কার করতে কর্মীরা লেগে গেছেন আটঘাট বেঁধে। সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের বর্তমান চিত্র এটি। অথচ কয়েক দিন আগেও এসবের কিছুই চোখে পড়েনি।সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি হাতে নিয়েছে। সিটি নির্বাচনের তারিখ ঘোষণার পর পরিষ্কার-পরিচ্ছন্নতার এই তোড়জোড় দেখে নগরবাসীর অনেকেই বলছেন, এটা ‘নির্বাচনী উন্নয়ন’। সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, এটা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ।সরেজমিনে দেখা যায়, নগরের বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, জিন্দাবাজারসহ প্রায় প্রতিটি এলাকায় শ্রমিক লাগিয়ে নালা-নর্দমার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। নর্দমা থেকে আবর্জনা তুলে রাস্তার মাঝে স্তূপ করে রাখা হচ্ছে। আবর্জনা সঙ্গে সঙ্গেই সরিয়ে নেওয়ার নিয়ম থাকলেও টানা কয়েক দিন উন্মুক্ত অবস্থায় তা ফেলে রাখা হচ্ছে। আবার সকাল ও রাতে ময়লা অপসারণের নিয়ম থাকলেও এখন দিনের বেলাতেই তা করা হচ্ছে। ক্ষুব্ধ নগরবাসী মনে করছেন, আগামী ১৫ জুন সিটি করপোরেশনের নির্বাচন। সাধারণ মানুষকে উন্নয়ন দেখাতেই এটা করা হচ্ছে। এদিকে আবর্জনা থেকে ছড়ানো দুর্গন্ধে পথচারীদের পথচলা দায় হয়ে পড়ছে।হাওয়াপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী ইসমাইল উদ্দিন বলেন, অতীতে কখনোই এত তোড়জোড় করে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়নি। দেখেই বোঝা যায়, কোনো বিশেষ উদ্দেশ্য সামনে রেখে এটা চলছে।সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের ২৭টি ওয়ার্ডে আটজন করে মোট ২১৬ জন শ্রমিক পরিচ্ছন্নতা অভিযানের কাজ করছেন। এ ছাড়া সংরক্ষিত আসনের নয়জন নারী কাউন্সিলরের অধীনে আটজন করে আরও ৭২ জন শ্রমিক কাজ করছেন। মাসব্যাপী এ অভিযানের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা এবার বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ তদারক করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক বলেন, ‘মনে হয় ভুটের লাইগ্যা এত তোড়জোড় হইতাছে। কাম ভালা কইর‌্যা করার লাইগা বারবার তাগদা দেয়।’আসন্ন সিটি নির্বাচনের সম্ভাব্য একাধিক মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী অভিযোগ করেন, বিগত বছরগুলোতে সামান্য বৃষ্টিতেই নগরে প্রচণ্ড জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মেয়র, ওয়ার্ড কাউন্সিলরসহ সিটি কর্তৃপক্ষের কাছে নগরবাসী বারবার ধরনা দিলেও জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এখন নির্বাচনের আগ মুহূর্তে যা করা হচ্ছে, তা ‘লোক দেখানো’।সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, দুই মাস আগে যখন নির্বাচনের নামগন্ধও ছিল না, তখন নগরে পরিচ্ছন্নতা অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। তাই অভিযোগের কোনো সত্যতা নেই। তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে।চলমান পরিচ্ছন্নতা অভিযানকে ‘নির্বাচনী ধোঁকা’ হিসেবে উল্লেখ করেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এত দিন ধরে মেয়র নগরের জলাবদ্ধতা সমস্যার সমাধান করতে পারেননি। এখন এই কয়দিনে কি সেই সমস্যা দূর করতে পারবেন? ভোটারদের নির্বাচনী ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।তবে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, প্রতিবছরই বর্ষার আগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। কোনো বিশেষ উদ্দেশ্য সামনে রেখে নগর পরিচ্ছন্ন করা হচ্ছে না।