নির্বাচনী এলাকা পুনরুদ্ধারের দাবিতে কুমিল্লায় সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৯ (সদর দক্ষিণ) নির্বাচনী এলাকা পুনরুদ্ধারসহ ছয় দফা দাবিতে গতকাল বুধবার নগরে সমাবেশ ও গণমিছিল হয়েছে। বিকেল চারটায় নগরের কান্দিরপাড় টাউন হল মাঠে ওই সমাবেশ হয়। সমাবেশ শেষে গণমিছিলের নেতৃত্ব দেন ওই নির্বাচনী এলাকার সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পল্লি উন্নয়ন সম্পাদক মনিরুল হক চৌধুরী। মিছিলটি টাউন হল থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ উপজেলা ও আদর্শ সদর উপজেলা ঐক্য সংহতি পরিষদের উদ্যোগে ওই সমাবেশ ও মিছিল হয়। সমাবেশে মনিরুল হক চৌধুরী বলেন, অবিলম্বে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকাকে পুনর্বহাল করতে হবে। সদর দক্ষিণ উপজেলার ভূশ্চি তদন্ত কেন্দ্রকে থানায় রূপান্তর, ঢাকা-কুমিল্লা রেললাইন চালু, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন, কোটা প্রথা উচ্ছেদ ও গোমতী নদীর উত্তর পারে শহর সম্প্রসারণসহ কুমিল্লাকে ঢেলে সাজাতে হবে। আগামী ৩১ মার্চের মধ্যে ওই দাবি পূরণ না হলে হরতাল, অবরোধসহ লাগাতার কর্মসূচি দেওয়া হবে।সমাবেশে বর্ষীয়ান রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরী বলেন, এসব দাবিদাওয়া আদায়ের জন্য আগামী মার্চ মাস পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে। এর মধ্যে ২৬ ডিসেম্বর সকাল ১০টায় আসন পুনরুদ্ধারের দাবিতে ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে মানববন্ধন, একই দিন বেলা তিনটায় রেলভবনের সামনে মানববন্ধন, ৩০ জানুয়ারি সদর দক্ষিণ উপজেলায় পদযাত্রা এবং ৩১ মার্চ কুমিল্লা টাউন হলে জনসভা করা হবে। ওই সময়ের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলন করা হবে।সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুজ্জামানের সভাপতিত্বে ওই সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক, অধুনালুপ্ত সদর দক্ষিণ পৌরসভার প্রশাসক নুরুল ইসলাম, কুমিল্লা মহানগর ঐক্য সংহতি পরিষদের সিদ্দিকুর রহমান, আদর্শ সদর উপজেলা ঐক্য সংহতি পরিষদের ওবায়দুল কবীর, কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান প্রমুখ।