নির্বাচনী এলাকা বহাল রাখাসহ ছয় দফা বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৯ (সদর দক্ষিণ উপজেলা) নির্বাচনী এলাকা বহাল রাখাসহ ছয় দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন ওই আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ও দলের কেন্দ্রীয় পল্লী উন্নয়ন সম্পাদক মনিরুল হক চৌধুরী। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা টাউন হলে এক সমাবেশ ডেকে তিনি ওই দাবি জানান। কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও আদর্শ সদর সংহতি ঐক্য পরিষদের ব্যানারে ওই সমাবেশ হয়। সকাল ১০টায় ঐক্য পরিষদের সদস্য সফিকুজ্জামান মজুমদারের সভাপতিত্বে ওই সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর দক্ষিণ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি আসাদ আলী, কুমিল্লা মহানগর ঐক্য পরিষদের সভাপতি ছিদ্দিকুর রহমান, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুল কবীর মোহন ও আমান উল্লাহ। সমাবেশে মনিরুল হক চৌধুরী বলেন, ‘২০০৮ সালে একজন নির্বাচন কমিশনারের অতি উৎসাহী মনোভাবের কারণে সদর দক্ষিণ উপজেলাকে ভেঙে তিনটি আসনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। এতে করে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। তাঁরা ঠিকানাহীন হয়ে পড়েছে। তিনজন সাংসদের অধীনে একটি উপজেলার দায়িত্ব থাকায় ওই উপজেলায় কোনো কাজ হচ্ছে না।’ সমাবেশের পরে মনিরুল হক চৌধুরী কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। জানতে চাইলে মনিরুল হক চৌধুরী বলেন, ‘কুমিল্লার উন্নয়নের জন্য ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে। আগামী দিনের সন্তানদের জন্য সুন্দর কুমিল্লা উপহার দিতেই ওই আন্দোলন করছি।’