নির্বাচনী এলাকার বাইরে গিয়ে ভোট চাইলেন সাংসদ
রাজশাহীর তানোর উপজেলায় তানোর ও মুন্ডুমালা পৌরসভায় নির্বাচন হচ্ছে। গত সোমবার তানোরের কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে শিক্ষকদের নিয়ে আয়োজিত সভায় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী কৌশলে দলের পক্ষে ভোট চেয়েছেন।
সোমবার দুপুরে তানোরের কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে এলাকার শিক্ষকদের নিয়ে সভা আয়োজন করা হয়। এলাকাটি নির্বাচনী এলাকার বাইরে। সেখানে সাংসদ পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।
সভায় সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আমি চাই, আপনারা আমার হাতকে শক্তিশালী করবেন। আমি চাই তানোর এবং মুন্ডুমালার সব শিক্ষক-শিক্ষিকা, প্রতিষ্ঠানের প্রধান—আপনারা নৌকার পক্ষে নিজ নিজ এলাকায় কথা বলবেন। নৌকার বিজয় মানেই উন্নয়ন, নৌকার বিজয় মানেই তোমার ভালো, আমার ভালো—সবার ভালো। আসেন, সবাই খোলা মনে কাজ করি।’
তিনি আরও বলেন, যেখানে নৌকা পাস করবে, সেখানে উন্নয়ন হবে। যেখানে করবে না, সেখানে উন্নয়ন হবে না। মুন্ডুমালায় গোলাম রাব্বানী পাস করেছিল বলে কিছুটা উন্নয়ন হয়েছে। তবে তাঁর দাবি, তিনি (রাব্বানী) প্রথমবার ছিলেন বলে কাজটা ঠিকমতো বুঝে উঠতে পারেননি। এবার রাব্বানী নির্বাচিত হলে মুন্ডুমালার আরও উন্নয়ন হবে। তিনি তানোরের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইমরুল হকের কথাও বলেন।
সাংসদ হিসেবে শিক্ষকদের কাছে সভায় ভোট চাওয়া নৈতিক কি না—জানতে চাইলে ওমর ফারুক চৌধুরী বলেন, তিনি নির্বাচনী এলাকায় কোনো জনসভা করেননি। নির্বাচনী এলাকার বাইরের একটি সভায় তিনি তাঁদের এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে বিনীতভাবে সরকারের পক্ষে থাকার জন্য অনুরোধ করেছেন। এলাকার সাংসদ হিসেবে এটা তিনি করতেই পারেন। এনজিও কর্মীদের নিয়েও তিনি এ রকম একটি সভা করবেন বলে জানান।