ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ মো. আবদুর রহমান নিজের জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁর এই সংশয়ের ফলে নির্বাচনী এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।২৩ জুলাই ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংসদ অভিযোগ করেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’ যারা ষড়যন্ত্র করছে তারা ‘ধরাছোঁয়ার বাইরে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমার চেয়ে শক্তিশালী ব্যক্তির নাম বললে আমার নিরাপত্তা কে দেবে?’বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম ছরোয়ার মৃধা বলেন, ‘সাংসদ আবদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন এখন দুই মেরুতে অবস্থান করছেন। সম্প্রতি এই দুই নেতার পারস্পরিক দূরত্ব বেড়েছে বলে শুনেছি। দুজনই দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে গুটিকয়েক আজ্ঞাবহ ও তল্পীবাহক লোক নিয়ে চলাফেরা করছেন। যাঁরা বিলাস-বৈভবে জীবনযাপন করেন, তাঁরা জীবন ও সম্পদের মায়ায় সামান্য কিছুতেই শঙ্কিত হন। অযথা আতঙ্কে ভোগেন। আমাদের সাংসদের ক্ষেত্রেও এমনটি ঘটে থাকতে পারে।’উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরেই সাংসদ নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আমরা তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ হলেও আমাদের সঙ্গে তাঁর বিদ্বেষমূলক নয়, বরং রাজনৈতিক সহাবস্থানমূলক সম্পর্ক রয়েছে। যদি নিরাপত্তার আশঙ্কা জোরালো হয়, সে ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে তাঁর আইনের আশ্রয় নেওয়া উচিত।’সুশাসনের জন্য নাগরিকের (সুজন) স্থানীয় শাখার সদস্য-সচিব গাজী শাহিদুজ্জামান বলেন, ‘সম্প্রতি রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রপতি কর্তৃক খুনের আসামির ফাঁসির দণ্ড মওকুফের ঘটনায় সাধারণ মানুষ যখন শঙ্কিত, তখন একজন সরকারদলীয় সাংসদের নিজের নিরাপত্তাহীনতার বিষয়টি প্রকাশিত হওয়ায় তা আরও বেশি উদ্বেগজনক।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, ‘মানুষ তার কৃতকর্মের জন্য অনেক সময় নিজের ছায়াকেও ভয় পায়। সাংসদের এখন তেমন অবস্থাই হয়েছে।’ ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, ‘সাংসদ মো. আবদুর রহমানের নিরাপত্তার ব্যাপারে সংশয়ের খবরটি আমার জানা নেই। তিনি এ ব্যাপারে ব্যক্তিগতভাবে আমাকে কিছু জানানওনি। তবে সারা জেলায় কারোরই এ ধরনের নিরাপত্তা সংশয়ের কোনো আশঙ্কার সুযোগ নেই। কেননা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’ ২৫ জুলাই প্রথম আলোতে ‘নিজের নিরাপত্তার ব্যাপারে সংশয় আবদুর রহমানের’ শিরোনামে একটি খবর ছাপা হয়।