নির্বাচনী এলাকায় রেলমন্ত্রী আচরণবিধি লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রেলমন্ত্রী মুজিবুল হক চৌদ্দগ্রাম উপজেলা সফর করলেন। তাঁর সঙ্গে প্রটোকলের গাড়ি ও সরকারি কর্মকর্তারা ছিলেন। ছিলেন স্থানীয় নেতা-কর্মীরাও। ভোটের আগে গতকাল শুক্রবার মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সেখানে ছোট হলেও শক্তির প্রদর্শন দেখাল আওয়ামী লীগ।
আজ শনিবার এ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, একজন মন্ত্রী উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিতে পারেন না। সরকারি সুযোগ-সবিধা নিয়েও তিনি সেখানে যেতে পারেন না। ভোটের আগে কোনো অনুষ্ঠানে যোগ দিতেও তাঁর যাওয়ার কথা নয়। তবে ভোটের দিন মন্ত্রী ভোট দিতে তাঁর নির্বাচনী এলাকায় যেতে পারেন।
কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলামও সে কথা স্বীকার করছেন। তিনি প্রথম আলোকে বলেন, একজন মন্ত্রী কোনো অবস্থাতেই নির্বাচনের সময় উপজেলার কোনো অংশে কোনো ধরনের অনুষ্ঠানে যেতে পারেন না। তিনি বিষয়টি দেখছেন বলে জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলমন্ত্রী গতকাল দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা গ্রামে দুপুরে মিলাদ মাহফিলে অংশ নেন। তবে রাতে তিনি কুমিল্লা শহরে অবস্থান করেন। মিলাদ মাহফিলে তাঁর সরকারি প্রটোকলের লোকেরা ছিলেন। স্থানীয় নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
জানতে চাইলে রেলমন্ত্রী মুজিবুল হক প্রথম আলোকে বলেন, পূর্বনির্ধারিত একটি দাওয়াতে অংশ নিতে তিনি ওই ইউনিয়নে যান। তবে সেখানে তিনি নির্বাচনী কোনো কাজ করেননি। মিলাদ-মাহফিল শেষ করেই সেখান থেকে কুমিল্লা শহরে ফিরে যান। তিনি জানান, ভোট দেওয়ার জন্য তিনি কুমিল্লায় এসেছেন। আজ চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট দেবেন।
গত ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন মুজিবুল হক। উপজেলা নির্বাচনে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়াকে সমর্থন দিচ্ছেন বলে স্থানীয় নেতা-কর্মীরা জানান।
কুমিল্লার নির্বাচনী দায়িত্ব পালনরত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও বলেছেন, তাঁরা প্রার্থী ও ভোটারদের নিয়ে চিন্তিত নন। তাঁদের যত দুশ্চিন্তা মন্ত্রী ও সরকারদলীয় সাংসদদের নিয়ে। তাঁরা বলেছেন, ভোটের দিন পরিবেশ কেমন থাকবে তা অনেকাংশে নির্ভর করছে এই মন্ত্রী ও সাংসদদের আচরণের ওপর।
আজ কুমিল্লার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, হোমনা ও তিতাস উপজেলায় ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন বলেছে, ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই তারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, কোথাও হাঙ্গামা ও গোলযোগ হলে কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।