নির্বাচনী কর্মকর্তা নিয়োগে মানা হয়নি পদমর্যাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ সহায়তাকারী (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার) কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বেশ কিছুসংখ্যক শিক্ষক। তাঁদের অভিযোগ, কোচিং থেকে বিদ্যালয়ে পরিণত হওয়া নন-এমপিওভুক্ত অখ্যাত বিদ্যালয়ের শিক্ষকদের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ তাঁরা দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হওয়া সত্ত্বেও এক ধাপ নিচের পদ পোলিং অফিসার করা হয়েছে। শুধু তাই নয়, তাঁদের অফিস সহকারীদের এককাতারে ফেলা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৮ এপ্রিল জারি করা এক আদেশে দেখা যায়, ১৬৬ নম্বর কেন্দ্রের (ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, ঝিলপাড়, মতিঝিল) জন্য এক প্রিসাইডিং কর্মকর্তা ছাড়াও ছয়জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১২ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে দুজন রাজধানীর গ্রিন রোডের এম সি সি স্কুলের দুজন শিক্ষকও রয়েছেন। এই প্রতিষ্ঠানটি আগে কোচিং সেন্টার ছিল। এখন স্কুল হিসেবে পরিচালিত হচ্ছে। তবে এমসিও হয়নি। এই স্কুল থেকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া শিক্ষক বেগম শামিমা সুলতানা অবশ্য প্রথম আলোর কাছে দাবি করেন প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত। তবে আরেক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ওই স্কুলের ভাইস প্রিন্সিপাল হারুন রশিদ প্রথম আলোকে বলেন, তাদের প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত নয়।
ভোট গ্রহণে সহায়তাকারী কর্মকর্তা নিয়োগের সময় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত প্রথমে সরকারি, তারপর এমপিওভুক্ত প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়া হয়। না পাওয়া গেলে পরে বেসরকারি প্রতিষ্ঠান থেকে নিয়োগ করা হয়। এ ছাড়া কর্মকর্তা নিয়োগে পদমর্যাদার ধারাবাহিকতা মানা সাধারণ প্রথা। কিন্তু এই নিয়োগে তা মানা হয়নি।
রাজধানীর নামকরা একটি সরকারি মাধ্যমিক স্কুলের এক শিক্ষক প্রথম আলোকে বলেন, তাঁরা দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হওয়া সত্ত্বেও নন এমপিওভুক্ত একটি সাধারণ স্কুলের শিক্ষকদের এক ধাপ ওপরের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা করার মাধ্যমে তাঁদের অবমাননা করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, তাঁকে পোলিং অফিসার করা হয়েছে ফকিরাপুল এলাকার একটি কেন্দ্রে। তিনি বলেন, খুবই কষ্ট পাচ্ছি। কারণ আমরা দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা। অথচ আমাদের পোলিং অফিসার করা হয়েছে অফিস সহকারীদের সঙ্গে।
এ বিষয়ে কথা বলার জন্য দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও অন্য প্রান্ত থেকে এক ব্যক্তি বলেন, স্যার মিটিংয়ে আছেন, একটু অপেক্ষা করুন। কিছুক্ষণ অপেক্ষার পরও ফোন ধরেননি। পরে আরও কয়েকবার চেষ্টা করলেও আর ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠালেও উত্তর মেলেনি।
এর আগে নির্বাচন কমিশন যাচাই না করায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে পোলিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছিলেন ঝাড়ুদার, আয়া ও দারোয়ানসহ ১১ জন। ওই ব্যক্তিরা পরে তাঁদের নাম বাদ দেওয়ার আবেদন করায় বিষয়টি জানাজানি হয়। পরে এই ১১ জনকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মিরপুরের শাহ আলী মহিলা কলেজ থেকে ওই তালিকা পাঠানো হয়।