কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির নির্বাচন ২০১২-১৩-এর সব কাগজপত্র গতকাল সোমবার ছিনতাই করে নিয়েছেন অন্য কর্মকর্তারা। নির্বাচন কমিশনারের কাছ থেকে জোর করে তাঁরা এসব কাগজপত্র ছিনতাই করে নেন বলে অভিযোগ পাওয়া গেছে।নির্বাচন কমিশনার কার্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের মোট ৩১৬ জন কর্মকর্তার মধ্যে মাত্র ৪২ জনের স্বাক্ষরিত একটি দরখাস্ত কমিশনার বরাবর দেওয়া হয় এবং নির্বাচন স্থগিত করার কথা বলা হয়। কিন্তু নির্বাচন স্থগিত না করে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। এ কারণে নির্বাচন স্থগিত করতে গতকাল নির্বাচনের সব কাগজপত্র ছিনতাই করে নেন ওই কর্মকর্তারা।প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন কমিশনার আয়াত আলীর কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আবদুল হান্নান ও মীর জিল্লুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ওলিউর রহমান ও আসাদুজ্জামান মাখন জোর করে নির্বাচনের সব কাগজপত্র ছিনতাই করে নেন।এদিকে কর্মকর্তা সমিতির নির্বাচনী সব কাগজপত্র ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কর্মকর্তা সমিতির নেতারা।আবদুল হান্নানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার করেন। নির্বাচন কমিশনার আয়াত আলী বলেন, ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে কর্মকর্তারা এ ঘটনা ঘটিয়েছেন।