নির্বাচনী কাজে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশই যথেষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, নির্বাচনী কাজসহ সব বেসামরিক কাজে সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নয়, পুলিশ বাহিনীই যথেষ্ট। গতকাল মঙ্গলবার সকালে রংপুর শহরে আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে ‘নির্বাচন ব্যবস্থাপনা উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় সিইসি এ কথা বলেন। সিইসি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর নির্বাচন কাঠামো গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এ জন্য নির্বাচন পরিচালনা আচরণবিধি, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী ফলাফল পাঠানোর প্রক্রিয়া সহজ করা হচ্ছে। রংপুরে স্থাপন করা হচ্ছে আঞ্চলিক সার্ভার স্টেশন।নির্বাচন কমিশনের ‘সাপোর্ট টু দি ইলেকটোরাল প্রসেস ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বি এম এনামুল হক। বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় উপনির্বাচন কমিশনার সুভাষ চন্দ্র প্রমুখ।