নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরিয়া সাঈদ বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল খালেক সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। মো. নুরিয়া সাঈদ তাঁর নির্বাচনী প্রচারে বাধা ও প্রচার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে ওই মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণায় তাঁর (মো. নুরিয়া সাঈদ) সমর্থনে এলাকার শত শত নারী-পুরুষ কাজ করছেন। তাঁর পক্ষে জনসমর্থন দেখে স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক সরকার ও তাঁর কর্মীরা মারমুখী আচরণ শুরু করছেন। ভোটারদের আকৃষ্ট করতে আবদুল খালেক গত সাত দিনে দুই দফা মোটরসাইকেলে করে শাড়ি ও লুঙ্গি নির্বাচনী এলাকায় বিতরণের জন্য নিয়ে আসেন। কিন্তু জনতা তাতে বাধা দেন এবং মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আবদুল খালেক ও তাঁর কর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর (নুরিয়া সাঈদ) প্রচারকর্মীদের লিফলেট কেড়ে নিয়ে তাঁদের মারধর করেন। এ ছাড়া গত বুধবার রাতে আবদুল খালেক ও তাঁর বাহিনী কল্যাণীহাটে এসে নৌকার নির্বাচনী প্রচার কার্যালয় ভাঙচুর শেষে আগুন দিয়ে জ্বালিয়ে দেন। এতে কয়েক হাজার লিফলেট, পোস্টার, চেয়ার টেবিলসহ বেশ কিছু আসবাব পুড়ে যায়। সেখানে আবদুল খালেক ও তাঁর লাঠিয়াল বাহিনীর সদস্য মো. ফারুক হোসেন, রবিউল ইসলাম, আবুল কালাম, ওয়াজেদ আলী, আবদুর রব, আবদুল হাকিমসহ অন্যরা তাঁকে (নুরিয়া সাঈদ) ও তাঁর ভাই ফেরদৌসকে মারার ঘোষণা দেন।
অভিযোগ অস্বীকার করে আবদুল খালেক বলেন, নৌকা মার্কার প্রার্থী সরকারি দলের। তিনি জেতার জন্য মরিয়া হয়ে এসব মিথ্যা রটাচ্ছেন। তাঁর কর্মীদের মারধর করছেন।