গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচনী রাজনীতির কৌশল হিসেবে সংবিধানে রাষ্ট্রধর্মের বিধান বহাল রাখা হয়েছে। সংবিধানের এই সংশোধনী দেশের জনগণ মেনে নেয়নি। তিন ঘণ্টায় পাস হওয়া এই সংবিধান দিয়ে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া সম্ভব নয়।গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গণফোরামের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় কামাল হোসেন এসব কথা বলেন।ড. কামাল বলেন, রুগ্ণ রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অশুভ শক্তিকে ধ্বংসের প্রস্তুতি নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, গরু-ছাগলের মাথা বিক্রি হয়, কিন্তু মানুষের মাথা বিক্রি হয় না। সেটা কেনাও যায় না। এই মন্ত্র মাথায় নিয়ে ঘরে ঘরে যেতে হবে। একই সঙ্গে সুস্থ ধারার রাজনীতির পক্ষে শপথ নিতে হবে।আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মফিদুল ইসলাম, কমান্ডার আবদুর রউফ, কফিল উদ্দিন, জহিরুল ইসলাম, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রমুখ।