নির্বাচনী কৌশলের রূপরেখা প্রণয়ন করেছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী কৌশল, দলীয় প্রচার ও সাংগঠনিক তৎপরতা নিয়ে একটি রূপরেখা প্রণয়ন করা হয়েছে। নির্বাচনে দলীয় নির্বাচন পরিচালনা কমিটি ও দলের সম্পাদকমণ্ডলী সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে দলের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে দলীয় সম্পাদকমণ্ডলীর যৌথ সভা হয়। সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, দলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী সভায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে পাওয়ার পয়েন্টে নির্বাচনী কৌশল ও দলীয় প্রচার নিয়ে রূপরেখা উপস্থাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার ছেলে রেদোয়ান সিদ্দিক ববি। নির্বাচন পরিচালনা কমিটি ও সম্পাদকমণ্ডলীর এটিই প্রথম যৌথ সভা। এখন থেকে এ ধরনের সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও দীপু মনি, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এ বি তাজুল ইসলাম, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, আইন সম্পাদক আবদুল মতিন খসরু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।
সভা সূত্র জানায়, নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সংগঠনকে সম্পৃক্ত করার জন্যই এ সভা করা হয়েছে। আগে নির্বাচনবিষয়ক কাজকর্ম নির্বাচন পরিচালনা কমিটি এককভাবেই করত। এখন সংগঠনের সঙ্গে সমন্বয় করে তা করা হবে।
সভার শুরুতে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, নির্বাচনে দলের সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে। পাশাপাশি নির্বাচনী কৌশল, প্রচার ও সাংগঠনিক তৎপরতাও গুরুত্বপূর্ণ।
সভা সূত্র জানায়, সভায় এইচ টি ইমাম বলেন, পেশাজীবীদের সঙ্গে সমন্বয় বাড়াতে হবে। পেশাজীবী সংগঠনের সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে। দীপু মনি তাঁর নির্বাচনী এলাকার অভিজ্ঞতার আলোকে নির্বাচনী কৌশল নিয়ে কথা বলেন। আব্দুর রাজ্জাক গণমাধ্যমের সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রস্তাব করেন। রেদোয়ান সিদ্দিক সভায় কিছু বলেননি।
গতকাল আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জয়কে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা উল্লেখ করা হলেও রেদোয়ান সিদ্দিকের ক্ষেত্রে তেমন পরিচিতি উল্লেখ করা হয়নি।
‘ঐক্যবদ্ধ থাকলে আ.লীগকে হারানো অসম্ভব’: সভার মাঝামাঝি সময়ে সজীব ওয়াজেদ জয় সাংবাদিকদের উপস্থিতিতে বলেন, ‘সারা দেশে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক আছে। আমাদের দলের নেতা-কর্মীরা সুসংগঠিতভাবে কাজ করলে এবং ভোটাররা যদি এগিয়ে আসে, তাহলে আওয়ামী লীগকে হারানো অসম্ভব।’ তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়ে বলেন, ‘সাড়ে চার বছর ধরে আপনারা দেশের উন্নয়নে কঠোর পরিশ্রম করেছেন। তবে দেশের সামগ্রিক উন্নয়নের পথ এখনো অর্ধেক বাকি। আগামী জাতীয় নির্বাচনে জয়ী হতে সবাইকে সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে নামতে হবে।’
সভা প্রসঙ্গে জয় বলেন, ‘নির্বাচনী প্রস্তুতি নিয়ে আমাদের কী করণীয়, তা ঠিক করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামী নির্বাচন আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করার জন্য আগামী নির্বাচনে আমাদের বিজয়ী হওয়া গুরুত্বপূর্ণ। এ জন্য পরিকল্পিতভাবে এগোতে হবে আমাদের।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সারা দেশে সাংগঠনিক সফর করার পরিকল্পনা আমার আছে। আমি চেষ্টা করব, দেশের যতটুকু সম্ভব সাংগঠনিক সফর করার।’