
নির্বাচনী জুলুমের যেন ষোলোকলা রূপ দেখলেন সন্ত্রাসকবলিত লক্ষ্মীপুরবাসী। জামায়াতের সঙ্গে রাজনৈতিক আঁতাত, বিএনপিকে এলাকাছাড়া করা, প্রশাসনকে যথেচ্ছ ব্যবহার, পেশিশক্তির প্রয়োগ, আতঙ্ক ছড়িয়ে ভোটারদের কেন্দ্রে আসা নিরুৎসাহিত করা, কেন্দ্রে আসা ভোটারদের প্রার্থীর পক্ষে ব্যালটে প্রকাশ্যে সিল দিতে বাধ্য করা, ব্যালট বই নিয়ে টানা সিল মারা—এই ছিল লক্ষ্মীপুর সদর উপজেলায় গতকালের ভোটের চিত্র।
এর বাইরে ছিল উপজেলার পূর্বাংশে ‘বাস্তুহারা বিএনপির’ সশস্ত্র প্রতিরোধের চেষ্টা, সংঘর্ষ। আর দিনটি শুরুই হয়েছিল ভোরে যুবলীগের এক নেতার হত্যাকাণ্ড দিয়ে।
ফলাফল! তা-ও ছিল মানুষের মুখে মুখে। ভোট যা-ই হোক, জিতবেন সরকারি দল আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও লক্ষ্মীপুর পৌরসভার আলোচিত মেয়র আবু তাহেরের ছেলে এ কে এম সালাহউদ্দিন টিপু (দোয়াত-কলম প্রতীক)। আর ভাইস চেয়ারম্যান পদে জামায়াত-সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন (চশমা প্রতীক)। রাতে বেসরকারি ফলাফলে সালাহউদ্দিন টিপুকে বিজয়ী ঘোষণা করা হয়। আর রাত ১১টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে আট হাজার ভোটে এগিয়ে ছিলেন জামায়াতের প্রার্থী নাসির উদ্দিন।
তবে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মফিজুল ইসলাম আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী আঁতাতের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, কর্মীরা জানবাজি রেখে কাজ করায় তাঁদের প্রার্থী ভালো করেছেন।
লক্ষ্মীপুরের সদর উপজেলায় বেলা দুইটার মধ্যেই প্রায় সব কেন্দ্রে ভোট শেষ হয়। তবে সহিংসতার জন্য চারটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে কোথাও নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থক প্রার্থী মাহমুদুল করিমের কোনো এজেন্টের দেখা মেলেনি। তাঁকেও দেখা যায়নি কোনো ভোটকেন্দ্রে। হামলা-মামলায় আগেই এলাকাছাড়া ছিলেন বিএনপির নেতা-কর্মীরা।
বিকেলে বিএনপির পক্ষ থেকে এ উপজেলায় আবার ভোট নেওয়ার দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়। বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও স্থানীয় সাবেক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, সন্ত্রাস, ভোট জালিয়াতি ও নির্বাচনী কার্যক্রম যথাযথভাবে পরিচালনার সুযোগ না দেওয়ায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তাঁরা। তবে রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন জানান, তিনি এ ধরনের কোনো চিঠি পাননি।
সন্ত্রাস, ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের প্রতিবাদে সকাল ১০টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন বকুল।
সকালে ভোট শুরুর পরই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী টিপুর সমর্থকেরা প্রায় সব কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়ে নেন। সকাল আটটায় পৌর সদরের এন আহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদালয় কেন্দ্রে ভোট দেন টিপু। কিছুক্ষণ পর ওই কেন্দ্রে গিয়ে টিপু ছাড়া অন্য কোনো চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্টকে পাওয়া যায়নি। এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুর রহমান বলেন, ‘এজেন্টরা কেন আসেনি তা আমি জানি না।’
সকাল সাড়ে আটটায় লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এক নারীকে রেগেমেগে বের হতে দেখা যায়। সাংবাদিক পরিচয় দিয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি দলের প্রার্থীর এজেন্টরা তাঁদের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ব্যালটে সিল মারতে বাধ্য করছেন। তাই ভোট না দিয়ে বেরিয়ে এসেছেন।
সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে ওই অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা হেলাল উদ্দিনের দাবি, তাঁর কেন্দ্রে এসব হয়নি। একই সীমানায় অবস্থিত লক্ষ্মীপুর সরকারি বালিকা প্রাথমিক কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছে ভোটারদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি চুপ করে থাকেন।
সকাল নয়টায় সদরের আলিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের শুধু ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যালট দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যালট রেখে দিয়েছেন সরকারি দল-সমর্থিত প্রার্থীর দোয়াত-কলম প্রতীকের এজেন্টরা। ব্যালট রেখে দেওয়ার কারণ জানতে চাইলে এক এজেন্ট বলেন, ‘ওনারা ইচ্ছা করেই ব্যালট রেখে যাচ্ছেন। আমরা পরে বাক্সে রেখে দেব।’ কিন্তু যাঁদের কাছ থেকে ব্যালট রেখে দেওয়া হয়েছে, তাঁরা বাইরে এসে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় কয়েকজন এজেন্ট ও সরকারদলীয় কর্মীরা তেড়ে আসেন সংবাদকর্মীদের দিকে। এ সময় প্রিসাইডিং কর্মকর্তা সালেহ উদ্দিনকে তাঁর কক্ষে পাওয়া যায়নি।
বেলা ১১টার দিকে আবারও আলিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে ভোট জালিয়াতি দেখে সংবাদকর্মীরা জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতানকে জানান। পরে তিনি ওই কেন্দ্র পরিদর্শনে আসেন এবং বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে জানতে চান, ভোট কেমন হচ্ছে। তাঁরা বলেছেন, ভালো হচ্ছে। এরপর তিনি ওই কেন্দ্র থেকে চলে যান। তিনি যখন বাইরে ছিলেন, তখনো ভেতরে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ব্যালট পেপারে সিল মারছিলেন।
সকাল নয়টার দিকে মটবী কেন্দ্রে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সরকার-সমর্থিত প্রার্থীর পক্ষে সিল মারেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, সরকারি দলের সমর্থক প্রার্থীরা ব্যালট পেপারে সিল মারছেন। পোলিং কর্মকর্তা বুথের ভেতরে অসহায় বসে আছেন। আর প্রিসাইডিং কর্মকর্তা অপেক্ষা করছেন স্কুলের মাঠে। সাংবাদিকেরা উপস্থিত হলে সরকারি দলের কর্মীরা চলে যান। প্রিসাইডিং কর্মকর্তা চয়নুল ইসলাম নিজের অসহায়ত্বের কথা জানিয়ে বলেন, সকালে ককটেল বিস্ফোরণের কারণে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশনার অপেক্ষায় ছিলেন তিনি।
ব্যালট পেপারে সিল মারা প্রসঙ্গে জানতে চাইলে এই প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘কী করব? আমার কিছুই করার নেই।’
এ সময় কয়েকজন ভোটার জানান, তাঁরা ভোট দিতে চাইলেও পারেননি। পুলিশের সহায়তা চেয়েও পাননি।
এর কিছুক্ষণ পর বেগম অজিফা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কোনো ভোটার নেই। স্কুলের প্রধান ফটক বন্ধ। সংবাদকর্মীদের আসার খবর পেয়ে ২০-২৫ জন তরুণ কেন্দ্র থেকে ঘোড়া প্রতীকের (বিএনপি-সমর্থিত প্রার্থীর প্রতীক) স্লোগান দিতে দিতে বেরিয়ে যান। ভেতরে গিয়ে দেখা গেছে, দোয়াত-কলম প্রতীকে সিল মারা অনেকগুলো ব্যালট পড়ে আছে টেবিলের ওপর। পোলিং কর্মকর্তারা সেগুলো লুকানোর চেষ্টা করছিলেন। কারা এসব ব্যালটে সিল মেরেছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
প্রিসাইডিং কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘কোনো ভেজালে পড়তে চাই না। নিরাপদে বাসায় ফিরতে পারলেই বাঁচি।’
হাজিরপাড়া প্রাইমারি স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, ব্যালট পেপারে সিল মারছেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. ইস্রাফিল। তাঁর সামনে জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিনের চশমা প্রতীকে সিল মারা অনেক ব্যালট। সরকারি দলের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত। উপস্থিত একজন এ বিষয়ে বলেন, ‘একটা বোঝাপড়া আছে। তাই আমরা বাধা দিচ্ছি না।’ প্রিসাইডিং কর্মকর্তা আবদুল কাদের এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
প্রথম আলোর দুজন প্রতিবেদক পৌর সদর ও বিভিন্ন ইউনিয়নের ১৫টি কেন্দ্র সরেজমিন ঘুরেছেন।
প্রতিরোধের চেষ্টা!: বিএনপি-সমর্থিত প্রার্থী ও তাঁর এজেন্টদের কোনো কেন্দ্রে দেখা না গেলেও তাঁর সমর্থকেরা হামলা চালিয়েছেন কয়েকটি কেন্দ্রে। লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলের কেন্দ্রগুলোতে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের রাজনীতি ও ক্ষমতার বলয়ে উপজেলার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল দুই ভাগে বিভক্ত। পূর্বাঞ্চলের মান্দারী, দিঘলী, কুশাখালী, চরসাই, চন্দ্রগঞ্জ, হাজিপাড়া, উত্তর জয়পাড়া, দত্তপাড়া ও বশিকপুর বিএনপি-সমর্থকদের নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিচিত। নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর মূল লক্ষ্য ছিল এসব এলাকা কবজা করা। ভোটের আগে হামলা-মামলা দিয়ে এ ক্ষেত্রে তাঁরা অনেকটাই সফল হয়েছেন।
দুপুর ১২টার দিকে কফিলউদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে সশস্ত্র অবস্থায় কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন বিএনপি-সমর্থক জিসান বাহিনীর সদস্যরা। এ সময় তাঁরা ককটেল ও পেট্রলবোমা ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। জবাবে পুলিশ ৫০টির বেশি গুলি ছোড়ে বলে জানান ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সুভাষ চন্দ্র।
প্রিসাইডিং কর্মকর্তা এ কে এম আবদুর রব বলেন, ‘চাকরি চলে গেলেও আর কোনো দিন এ দায়িত্ব পালনে আসব না।’ এ সময় আতঙ্কে সেখানে দায়িত্বরত পোলিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের অনেকেই সংবাদকর্মী ও পুলিশ সদস্যদের কাছে অনুরোধ করেন, ‘আমাদের ফেলে যাবেন না। রক্ষা করার ব্যবস্থা করেন।’
পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও বিজিবির সদস্যদের সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
একই সময়ে বিএনপি-সমর্থকেরা হামলা চালান দিঘলী ইউনিয়নের পশ্চিম জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজিপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। জামিরতলীতে চারটি ও চন্দ্রপুরে পাঁচটি ব্যালট বাক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে বিএনপি-সমর্থকেরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যান।
দিনের শেষে প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয়, চন্দ্রপুর সরকারি উচ্চবিদ্যালয়, পশ্চিম জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়।
যুবলীগের নেতা খুন: ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে দিঘলী ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কবির হোসেন (৩০) গুলিতে নিহত হন। কবির হোসেনকে নিজের সমর্থক বলে দাবি করেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী টিপু। তাঁর দাবি, পোস্টার নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা কবিরকে হত্যা করেছে।
তবে এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত দুইটার সময় ৮-১০ জনের একটি দল ওই এলাকায় যায়। এরপর হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী দাবি করেন, নির্বাচনী খরচের জন্য পাওয়া টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে এ খুনের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় পুলিশ ওই হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।