সন্ত্রাসীদের দিয়ে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই করে সিল মারা, প্রিসাইডিং অফিসারদের জিম্মি করে রাখা, এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগে চট্টগ্রামের তিনটি ওয়ার্ডের ফল বাতিল চেয়ে মামলা করেছেন পরাজিত তিনজন কাউন্সিলর প্রার্থী।
গতকাল সোমবার চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনালে তিনটি মামলা করেন তিন প্রার্থী। ট্রাইব্যুনালের বিচারক ও ভারপ্রাপ্ত প্রথম যুগ্ম জেলা জজ বাহাউদ্দিন আহমেদ তিনটি মামলা গ্রহণ করলেও কোনো আদেশ দেননি।
মামলার সঙ্গে পৃথক আবেদনে নির্বাচনী সরঞ্জাম আদালতে হাজির করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়ারও আবেদন করেন তিন প্রার্থী। গত ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয়।
তিন মামলার বাদীরা হলেন ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের বিএনপি-সমর্থিত প্রার্থী ও চারবারের কাউন্সিলর আবদুল মালেক, ৩৬ নম্বর গোসাইলডাঙা ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও গতবারের কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী ও সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও তিনবারের কাউন্সিলর ফেরদৌস বেগম।
তিন পরাজিত প্রার্থীর আইনজীবী পূর্ণেন্দু বিকাশ চৌধুরী প্রথম আলোকে বলেন, ভোট কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইসহ নানা অভিযোগে পরাজিত তিন কাউন্সিলর প্রার্থী নিজ ওয়ার্ডের নির্বাচনী ফল বাতিল চেয়েছেন মামলার আরজিতে। প্রত্যেকটি মামলায় আওয়ামী লীগ-সমর্থিত জয়ী কাউন্সিলরকে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কেউ সংক্ষুব্ধ হলে আদালতে মামলা করতে পারেন। আদালত যা করার করবেন।
১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর ফেরদৌস বেগম আরজিতে উল্লেখ করেন, বিসিএসআইআর ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাই করে সিল মারার প্রতিবাদ করলে তাঁকে মেরে ফেলার হুমকি দেয় বহিরাগত সন্ত্রাসীরা। তাঁর নির্বাচনী এলাকার ৫৭টি ভোটকেন্দ্রে একই অবস্থা দেখেছেন ভোটের দিন।
তাঁর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। নির্বাচনী দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি তৎক্ষণাৎ অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। মুন্নীর মামলায় বিবাদী করা হয়েছে জয়ী কাউন্সিলর সৈয়দা কাশফিয়া নাহরিন ও পরাজিত কাউন্সিলর নাছিমা আলমকে।
তবে অভিযোগ অস্বীকার করে জয়ী কাউন্সিলর সৈয়দা কাশফিয়া নাহরিন বলেন, কেন্দ্র দখল করে নয়, মানুষের ভোটেই তিনি জয়ী হয়েছেন।
৩৬ নম্বর গোসাইলডাঙা ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী মামলার আরজিতে ভোটকেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়া, ব্যালট পেপার কেড়ে নিয়ে সিল মারা, কেন্দ্রে বহিরাগত সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ আনেন।
তবে অভিযোগ অস্বীকার করে জয়ী কাউন্সিলর হাবিবুল হক বলেন, কোনো কেন্দ্র দখল করেননি তিনি।
২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আবদুল মালেক আরজিতে তাঁর প্রতিদ্বন্দ্বী সলিম উল্লাহর বিরুদ্ধে হলফনামায় ১০০ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ এনেছেন। এ ছাড়া ভোটারদের বাধা, ব্যালট ছিনতাই করে সিলমারাসহ বিভিন্ন অভিযোগ করেন।
তবে জয়ী কাউন্সিলর সলিম উল্লাহ বলেন, হলফনামায় কোনো তথ্য গোপন করেননি তিনি। ভোটকেন্দ্রে আসতে কাউকে বাধা বা ব্যালটও ছিনতাই করেননি।