নির্বাচনী ট্রেন কমলাপুর এসেছে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সংবিধান অনুযায়ী ৫ জানুয়ারি নির্বাচন হচ্ছে। নির্বাচনী ট্রেন এখন কমলাপুর চলে এসেছে। কিছুদিনের মধ্যে বঙ্গভবনেও চলে আসবে।’
আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নাসিম এ কথা বলেন।
আগামীকাল বেলা তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় ১৪ দলের জনসভা সফল করার উদ্দেশে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নামিস বলেন, ‘জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গেছে। বাঙালিকে ভয় দেখিয়ে ঘরে বন্দী করে রাখা যায় না। খালেদা জিয়াকে বলব, সুপথে আসুন। গণতন্ত্রের পথে আসুন।’ তিনি বলেন, হাসিনার বিকল্প কিছু হতে পারে না। ইন্দোনেশিয়ার সুকর্ণসহ বিশ্বের অন্যান্য নেতার মতো তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।

যেখানে ভোট হচ্ছে, সেখানে উত্সব হচ্ছে—দাবি করে নাসিম বলেন, ‘আমি রাজশাহী গিয়েছি, বিভিন্ন গ্রামে গিয়েছি। সেখানে মানুষের মধ্যে উত্সব দেখেছি। যতই ভয় দেখান না কেন, ইনশা আল্লাহ হাজারো মানুষ ভোট দেবেন।’

‘মাঠ ফাঁকা, গোল তো হবেই’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যকে সমর্থন করে নাসিম বলেন, খেলা হচ্ছে আবাহনী ও মোহামেডানের মধ্যে। মোহামেডান ভয়ে মাঠে না নামলে গোল তো হবেই।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার সব অস্ত্র শেষ হয়েছে। কাল হেফাজতকে মাঠে নামিয়ে শেষ অস্ত্র ব্যবহার করতে চান তিনি।

তবে আওয়ামী লীগের এ বর্ধিত সভা চলাকালে হেফাজতে ইসলাম কাল ঢাকায় তাদের মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছে।