নির্বাচনী তফসিল হলেই বিএনপির টানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: শিশির
কার্টুন: শিশির

আগামী সোমবারের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে গতকাল শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। আর ‘একতরফা নির্বাচনের’ এ তফসিল ঘোষণার পর টানা আন্দোলন কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

দলীয় সূত্রগুলো থেকে জানা গেছে, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি না মেনে সরকার ‘একতরফা’ নির্বাচন করতে গেলে তা প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, তফসিল ঘোষণার পর থেকে টানা কর্মসূচি দেওয়া হবে। শুক্র ও শনিবার ছাড়া প্রায় প্রতিদিনই হরতাল দেওয়া হতে পারে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের আগ পর্যন্ত সরকার সমঝোতার উদ্যোগ নিলে তাতে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ প্রথম আলোকে বলেন, সংকট সমাধানের জন্য যথেষ্ট সময় এখনো সরকারের হাতে আছে। কিন্তু তাদের আচরণ বলে দিচ্ছে, সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে তারা আগ্রহী নয়। তাই কঠিন ও কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে।

দলীয় সূত্রগুলো জানায়, বিএনপি ও ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা ভালোভাবে মাঠে নামা শুরু করলে হরতালের পর অবরোধ দেওয়ার চিন্তা রয়েছে। সে ক্ষেত্রে একযোগে সড়ক-পথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি দেওয়া হতে পারে।

প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি জানান, নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ গতকাল শুক্রবার চাঁদপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের বলেন, নির্বাচনের জন্য কমিশনের প্রস্তুতি চূড়ান্ত। তফসিলও প্রায় চূড়ান্ত। আগামী রবি অথবা সোমবার কমিশনের সভায় তফসিল চূড়ান্ত হবে এবং তফসিল চূড়ান্ত হওয়ার দিনই তা ঘোষণা করা হতে পারে। তিনি জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেছেন, আগামী সোমবার নির্বাচনী কর্মকর্তাদের একটি প্রাথমিক খসড়া চূড়ান্ত হবে। প্রথা অনুযায়ী ওই খসড়া চূড়ান্ত হওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করে থাকে কমিশন।

ওই কর্মকর্তা জানান, আগামী সোমবার তফসিল হলে ৬ জানুয়ারি আর মঙ্গলবার তফসিল হলে ৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হতে পারে। যদিও এটি চূড়ান্ত হবে কমিশনের সভায়। সচিবালয় থেকে তফসিলের খসড়ার জন্য একটি প্রস্তাব কেবল কমিশনের কাছে পাঠানো হয়েছে। এটা এখনো চূড়ান্ত কিছু নয়।

গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁরা শুনেছেন, নির্বাচন কমিশন আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করতে যাচ্ছে। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা হওয়ার আগেই যদি কমিশন তফসিল ঘোষণা করে, তাহলে ওই দিন থেকেই দেশ অচল করে দেওয়া হবে।