
যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগের পরও নিজের দল লেবার পার্টিতে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলীর প্রভাব কমেনি। তার প্রমাণ মেলে রুশনারার নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য আয়োজিত ভোজসভায়। এতে দলের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতি ও ব্যাপক সাড়া দলে তাঁর প্রভাবের বিষয়টি তুলে ধরে।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে ওই ভোজসভা অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ শতাধিক অতিথি ভোজসভায় অংশ নিয়ে নির্বাচনী ব্যয়ের তহবিল গঠনে রুশনারা আলীকে সহায়তা করেন। তিনি পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে পুনরায় এমপি পদে লড়বেন। আগামী বছরের মে মাসে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত সেপ্টেম্বরের শেষের দিকে ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন রুশনারা। তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। পদত্যাগের সিদ্ধান্ত সঠিক ছিল উল্লেখ করে ভোজসভায় রুশনারা আলী বলেন, ইরাকে বিমান হামলায় ব্রিটিশ বাহিনীর যুক্ত হওয়ার বিষয়টি তিনি কোনোভাবেই সমর্থন করেন না।
রুশনারা বলেন, তাঁর মতো অনেক বাংলাদেশিসহ বিশ্বের নানা প্রান্তের মানুষ ব্রিটেনে বসতি গড়েছে। বহু সংস্কৃতির ব্রিটেনকে লেবার পার্টিই সবচেয়ে বেশি উৎসাহিত করেছে। এই বৈচিত্র্যপূর্ণ ব্রিটেনকে সামনের দিকে এগিয়ে নিতে লেবার পার্টির বিকল্প নেই। ২০১৫ সালের নির্বাচনে লেবার পার্টিকে ক্ষমতায় আনতে ব্রিটেনের বাঙালি সম্প্রদায়সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
গত শতাব্দীর আশির দশকে মাত্র সাত বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান রুশনারা। ২০১০ সালে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত এমপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। বাংলাদেশের সঙ্গে শেকড়ের বন্ধন ভুলে যাননি তিনি।
রুশনারার সঙ্গে বাংলাদেশ সফরের কথা স্মরণ করে শাবানা মাহমুদ এমপি বলেন, বাংলাদেশের মানুষ রুশনারাকে নিয়ে কতটা উচ্ছ্বসিত, তা তিনি নিজ চোখে দেখেছেন। তিনি বলেন, নিজের শেকড়ের সঙ্গে সম্পর্ক রাখা প্রত্যেকের জন্য জরুরি। কাজটি অনেক কঠিন হলেও রুশনারা তা ভালোভাবেই করে যাচ্ছেন।
ভোজসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন লেবার পার্টির এমপি এল্যান জনসন, ফ্রাঙ্ক ডবসন, জিম ফিটজপেট্রিক, জরিপ পরিচালনাকারী সংস্থা ইউগভের প্রেসিডেন্ট পিটার কেলনার, টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির লিডার কাউন্সিলর র্যাচেল সন্ডার্স প্রমুখ। তাঁরা রুশনারাকে মেধাবী উদীয়মান নেতা বলে প্রশংসা করেন।
তহবিল সংগ্রহের জন্য অনুষ্ঠানে র্যাফল ড্র এবং বিভিন্ন পণ্যসামগ্রী অতিথিদের কাছে নিলামে বিক্রি করা হয়।