নির্বাচনী দায়িত্বে থাকছেন ৩৫৭ ম্যাজিস্ট্রেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য বিজিবি, র্যাব, কোস্টগার্ড ও সেনাবাহিনীর সঙ্গে ৩৫৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সিটি নির্বাচনের জন্য গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গতকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ শুরু করেছেন। ২৯ এপ্রিল পর্যন্ত তাঁরা এ দায়িত্ব পালন করবেন। বিজিবির প্রতি প্লাটুনের (৩০ জন সদস্য) সঙ্গে দুজন এবং র্যাব ও কোস্টগার্ডের প্রতি প্লাটুনের সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে বিজিবির সঙ্গে ৭০ জন করে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ৬০ জন ম্যাজিস্ট্রেট রয়েছেন। র্যাবের সঙ্গে ঢাকা উত্তর সিটিতে ৩৬, দক্ষিণ সিটিতে ৫৭ এবং চট্টগ্রামে ৪১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। কোস্টগার্ডের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে দুজন করে এবং চট্টগ্রাম সিটিতে তিনজন ম্যাজিস্ট্রেট কাজ করছেন।
এ ছাড়া তিন সিটিতে তিন ব্যাটালিয়ন সেনাসদস্য অতিরিক্ত বাহিনী হিসেবে সেনানিবাসের অভ্যন্তরে অবস্থান করছেন। তাঁদের সঙ্গে ১৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে মিরপুর সেনানিবাসে দুজন, পোস্তগোলায় দুজন ও ঢাকা সেনানিবাসে ছয়জন এবং চট্টগ্রামের দামপাড়া, হালিশহর ও চট্টগ্রাম সেনানিবাসে দুজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, সেনাবাহিনী রিটার্নিং কর্মকর্তার অনুরোধে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পরিস্থিতির মোকাবিলা করবে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় তারা আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহায়তা করবে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড, আর্মড পুলিশ ও আনসারের মোট ৭৮ হাজার ৭৩০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।