উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কার্যালয়ের লোকদের সমন্বয় করে কাজ করতে হবে। সবার মধ্যে সমন্বয় থাকলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। নির্বাচনে কোনো ধরনের শৈথিল্য দেখালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা নগরের ছোটরা এলাকায় কুমিল্লা আঞ্চলিক ও জেলা সার্ভার স্টেশন পরিদর্শন করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এদিকে আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন নিয়ে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানিয়েও গণমাধ্যমকর্মীদের চলে যেতে বলার প্রতিবাদে তাঁরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। ওই সভায় জেলা প্রশাসকের সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়।
বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন নিয়ে মতবিনিময় সভা হয়। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও দুই চেয়ারম্যান পদপ্রার্থী উপস্থিত ছিলেন। এখানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী। মতবিনিময় সভায় কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকর্মীদের পরিচয় নেওয়ার পর তাঁদের সভা থেকে বের হয়ে যেতে বলেন। একই সঙ্গে ওই সভা ‘কনফিডেনশিয়াল’ বলে উল্লেখ করেন। তখন গণমাধ্যমকর্মীরা জেলা প্রশাসককে বলেন, ‘দাওয়াত দিয়ে আমাদের অপমান করা হলো।’
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘ঢাকায় সভার পর ব্রিফিং দেওয়া হয়। আপনারা বাইরে অপেক্ষা করেন।’ এরপর গণমাধ্যমকর্মীরা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ পাশে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।