সুনামগঞ্জ পৌরসভায় নির্বাচনী দায়িত্ব থেকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আয়ূব বখত জগলুল। গতকাল সোমবার রাতে তিনি রিটার্নিং কর্মকর্তা ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাসের কাছে এই আবেদন করেন।লিখিত অভিযোগে আয়ূব বখত জগলুল উল্লেখ করেন, সদর থানার ওসি আতাউর রহমান মেয়র পদপ্রার্থী শেরগুল আহমদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। তাই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। আজ মঙ্গলবার সুনামগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ সদর থানার ওসি আতাউর রহমান অভিযোগের বিষয়ে বলেন, ‘আমি এসবের কিছুই জানি না।’ এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা কামাল উদ্দিন বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।