নির্বাচনী দায়িত্ব থেকে দূরে থাকতে তদবির!
এখনো নির্বাচনের তফসিলই ঘোষণা করা হয়নি। কিন্তু নির্বাচনী দায়িত্ব থেকে যাতে অব্যাহতি পাওয়া যায়, তার জন্য তদবির শুরু করেছেন চট্টগ্রামের সরকারি-বেসরকারি স্কুল-কলেজের কিছু শিক্ষক ও কর্মকর্তা।
প্রধান বিরোধী জোটের ‘একদলীয় নির্বাচন প্রতিহতের ঘোষণা’ এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের অভিজ্ঞতা তাঁদের উদ্বিগ্ন করে তুলেছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাদের তালিকা তৈরি করা হবে। চট্টগ্রামের ১৬টি আসনের নির্বাচন সম্পন্ন করার জন্য প্রায় ৩২ হাজার কর্মকর্তা দরকার হবে বলে জানা গেছে।
বিএনপি ইতিমধ্যে ভোটকেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠন করেছে। এর পর থেকে স্থানীয় বিভিন্ন সভা-সমাবেশে বিএনপির নেতারা কর্মীদের তা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, একদলীয় নির্বাচন কোনোভাবেই হতে দেওয়া হবে না। তাঁরা সংশ্লিষ্টদের নির্বাচনী দায়িত্ব পালন না করার আহ্বান জানান। গত সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষকের সঙ্গে দেখা হয় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে।
নাম প্রকাশ অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘ভাই, আমি ছিয়ানব্বইয়ের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনেও দায়িত্ব পালন করেছি। কী ঝামেলায় যে পড়েছিলাম! এবারও যদি তেমন হয়, তাই আগেভাগে কোনো ব্যবস্থা করা যায় কি না, দেখতে এসেছি।’ ছিয়ানব্বই সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির করা একদলীয় নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্র ভাঙচুর হয়েছে। নাজেহাল ও হামলার শিকার হয়েছিলেন ভোট গ্রহণকারীরা। আওয়ামী লীগ, জামায়াতসহ বড় সব দল ওই নির্বাচন বর্জন করেছিল। নির্বাচন কর্মকর্তার দপ্তরে সশরীরে আসার চেয়ে টেলিফোনে বেশি তদবির আসছে বলে জানান নগর ও উপজেলার নির্বাচন কর্মকর্তারা। এ ক্ষেত্রে পরিচিত কর্মকর্তাদের কাছে ফোন করে নিজেদের নাম যেন তালিকায় না আসে তার অনুরোধ করছেন।
কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে এই পর্যন্ত দুজন অফিসে এসে নির্বাচনী দায়িত্বে তাঁদের না রাখার অনুরোধ করে গেছেন। টেলিফোনেও কয়েকজন পরিচিত একই অনুরোধ করেছেন। আমরা তাঁদের বলেছি, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে। বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনে কোনো সমস্যা হবে না।’
একই ভবনে কর্মরত ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘তদবির অনেক আসছে। তাঁরা অব্যাহতি চাইছেন।’ জানা গেছে, প্রতিবারের মতো সরকারি-বেসরকারি শিক্ষক থেকে শুরু করে কিছু কিছু ব্যাংক ও এনজিও কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে। চট্টগ্রাম শহরের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ২০ জন শিক্ষকের সঙ্গে কথা বলে তাঁদের মধ্যে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে অনীহা দেখা গেছে।
নগরের ছালেহ জহুর সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম বলেন, ‘সরকারি দায়িত্ব দিলে পালন করতে হবে। তবে না দিলে বেঁচে তো ভাই গেলাম।’ চট্টগ্রামের ১৬টি আসনের ভোটকেন্দ্রের একটি খসড়া তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নতুন প্রাথমিক তালিকা অনুযায়ী ভোটকেন্দ্র হচ্ছে এক হাজার ৮৪১টি। তবে এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৮৭ হাজার ১৪৪ জন।