নির্বাচনী দায়িত্ব পেতে উৎকোচ!
পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনসার-ভিডিপি সদস্য নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট আমজাদ হোসেনের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা উৎকোচ নিয়ে তাঁদের নির্বাচনী দায়িত্ব দেন বলে অভিযোগে বলা হয়েছে।
উৎকোচ না দিতে পেরে আনসার-ভিডিপির অনেক সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করতে পারেননি। ৩ এপ্রিল পাবনা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের দলপ্রধানেরা আনসার-ভিডিপির মহাপরিচালক, রাজশাহী অঞ্চলের রেঞ্জ কমান্ডার, পাবনার জেলা প্রশাসক, জেলা দুর্নীতি দমন কার্যালয় ও জেলা নির্বাচন কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ৩১ মার্চ পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব বণ্টনের জন্য মার্চ মাসের প্রথম সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় আনসার-ভিডিপির দল তৈরি করা হয়। নিয়মানুযায়ী সুস্থ-সবল সদস্যদের বাছাই করে দায়িত্ব বণ্টনের জন্য গত ৯ মার্চ দলপ্রধানসহ সবাইকে জেলা কার্যালয়ে ডাকা হয়। কিন্তু জেলা কমান্ড্যান্ট আমজাদ হোসেন বাছাই না করেই উপস্থিত সদস্যদের নাম ও বয়স লিখে বিদায় করে দেন। সেই সঙ্গে প্রত্যেক দলের প্রধানদের পরদিন সকাল ১০টায় আবার কার্যালয়ে ডাকেন। দলপ্রধানেরা কার্যালয়ে গেলে আমজাদ তাঁদের সার্কেল অ্যাডজুট্যান্ট আনোয়ার হোসেন ও সুজানগর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হামিদুর রহমানের কথা অনুযায়ী কাজ করার নির্দেশ দেন। পরে ওই দুই কর্মকর্তা দলপ্রধানদের সাক্ষাৎকার নিয়ে দলপ্রতি দুই হাজার টাকা করে দাবি করেন।
আনসার-ভিডিপির ভাঁড়ারা ইউনিয়নের দলপতি আবদুল বারীক বলেন, সাক্ষাৎকারের সময় তিনি ঘুষ দিতে অস্বীকৃতি জানান। ফলে তাঁর দায়িত্বে থাকা নয়টি আনসার-ভিডিপি দলের একটিকেও নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়নি। উল্টো তাঁকে বহিষ্কার করা হবে বলে জানানো হয়। একইভাবে ওই ইউনিয়নের নারী দলপ্রধান রোকেয়া খাতুনের তিনটি দলসহ যারা টাকা দিতে পারেনি, তাদের সবাইকে দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়। অন্যদিকে পাঁচ-ছয় হাজার টাকা ঘুষ নিয়ে সদর উপজেলার বাইরের আটঘরিয়া, সাঁথিয়া, চাটমোহর ও সুজানগর উপজেলা থেকে সদস্য নিয়ে দল তৈরি করা হয়েছে।
মালিগাছা ইউনিয়নের দলপ্রধান মোনায়েম আলী জানান, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রতিটি দলে থাকা ১২ জন সদস্যের প্রত্যেককে দুই হাজার টাকা সম্মানী দেওয়া হয়। এ কারণে সবাই এই দায়িত্ব পাওয়ার অপেক্ষায় থাকেন।
আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট আমজাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আনসার-ভিডিপির সদস্যরা গরিব। তাই তাঁদের কাছ থেকে টাকা নেওয়ার প্রশ্নই আসে না। সুঠাম ও সুস্বাস্থ্যের অধিকারী দেখে যোগ্যতার ভিত্তিতে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।