নির্বাচনী নাশকতার মামলার তদন্ত চলছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জোটের নাশকতার মামলাগুলোর তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন না পাওয়ায় বিচারকাজ শুরু হয়নি। আজ বৃহস্পতিবার সাংসদ নুরুল ইসলাম সুজনের এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের দিন এবং তার আগে জ্বালাও-পোড়াও, নাশকতা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তথ্য এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে। মামলাগুলো আদালতে এলে সঠিক তথ্য জানানো সম্ভব হবে।

আরেক সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ডিসেম্বর পর্যন্ত ১৫টি মামলার রায় ঘোষণা হয়েছে। এসব রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১২টি মামলায় আপিল করা হয়েছে। 

সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ২৭ জনকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধী হিসেবে বিচারের আওতায় আনা হয়েছে।

আ ফ ম বাহাউদ্দিন নাছিমের লিখিত প্রশ্নর জবাবে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জায়গায় জায়গায় শুকিয়ে যাওয়ায় দেশের ৯৮টি নদী মৌসুমি নদীতে পরিণত হয়েছে। অতীতে কিছু নদীর অস্তিত্ব থাকলেও সম্পূর্ণ ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে সেগুলো নদ-নদী হিসেবে চিহ্নিত নেই। বর্তমানে বাংলাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নদ-নদীর সংখ্যা ৩১০টি। এর মধ্যে ২১২টি নদীতে ১২ মাস প্রবাহ থাকে।
প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।